ঢাকা, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারের পরিস্থিতি উত্তরণে পাঁচশ কোটি টাকার মিউচুয়াল ফান্ড গঠনের অনুমোদন দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড নামের এ ফান্ডের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো হলো- সোনালি ব্যাংক, জনতা ব্যাংক, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ও ইস্টার্ন ব্যাংক লিমিটেড।
এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার বলেন, "এ ফান্ডের দুশ' কোটি টাকা হচ্ছে স্পন্সর। এসইসি আশা করছে আগামীকাল (মঙ্গলবার) এই টাকা শেয়ার কেনায় বিনিয়োগ করা হবে।"
বাকি তিনশ কোটি টাকা পরবর্তী সময়ে প্রাইভেট প্লেসমেন্ট ও (ইনিশিয়াল পাবলিক অফারিং) আইপিও'র মাধ্যমে তুলে নেওয়া হবে।
সোমবার এসইসি'র এক বৈঠকে এ মিউচুয়াল ফান্ড গঠনের অনুমোদন দেয় বলে জানিয়েছেন এসইসি মুখপাত্র সাইফুর রহমান।
চারশ ৭২ দশমিক ৯০ পয়েন্ট বা সাত দশমিক ৮১ শতাংশ কমে সোমবার দিনশেষে মূল্যসূচক দাঁড়ায় পাঁচ হাজার পাঁচশ ৭৯ দশমিক ৫০ পয়েন্ট। লেনদেন হয় ছয়শ ৬৩ কোটি টাকার শেয়ার। লেনদেন হওয়া দুশ ৪৯ প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে তিনটির, কমেছে দুশ ৪৬টির দাম।
গত চার সপ্তাহে মূল্যসূচক কমেছে এক হাজার নয়শ ৩৩ পয়েন্ট।
দরপতনে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা প্রায় প্রতিদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/পিডি/এমএসবি/১৭৫৫ ঘ.
bdnews24