ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে দরপতনের ফলে বিনিয়োগকারীদের বিক্ষোভের সময় ভাংচুরের ঘটনায় কোনো ইন্ধন আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের উপ-কমিশনার মনিরুল ইসলাম সোমবার সাংবাদিকদের বলেছেন, "বিক্ষোভের সময় কিছু শিশু-কিশোরকে ভাংচুর করতে দেখা গেছে।"
"অপ্রাপ্তবয়স্করা ভাংচুরে অংশ নিয়েছে। এ ঘটনায় কোনো ইন্ধন আছে কি না তা খতিয়ে দেখা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মনিরুল। এসময় ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মতিঝিল) মো, আব্দুল বাতেনও উপস্থিত ছিলেন।
বাতেন সাংবাদিকদের বলেন, "বিনিয়োগকারীরা গাড়ি ভাংচুর করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করলে পুলিশ লাটিচার্য করে।"
বেলা ৩টার পর বাতেন ও মনিরুলের নেতৃত্বে একদল পুলিশ ডিএসই'র উল্টোদিকে মধুমিতা সিনেমা হল ভবনে প্রবেশ করে। বিক্ষোভের সময় ওই ভবন থেকে পুলিশের ওপর বিপুল পরিমাণ ইট-পাটকেল ছোড়া হয়।
সোমবার শেয়ারবাজারে দরপতনের ফলে রাজধানীর মতিঝিলে ব্যাপক বিক্ষোভ করেন বিনিয়োগকারীলা। আটক হন অন্তত ২০ বিক্ষোভকারী।
লেনদেন শুরু হওয়ার আধঘণ্টার মধ্যেই দরপতনের ফলে বিনিয়োগকারীরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/পিডি/১৫২০ ঘ.
bdnews24