ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দরপতনের মধ্য দিয়েই শেষ হলো পুঁজিবাজারের সোমবারের লেনদেন। বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। আটক হয়েছে অন্তত ৫০ জন।
ক্ষুব্ধ বিনিয়োগকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা হয়। ডিএসই'র সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
লেনদেন শুরু হওয়ার আধঘণ্টা পরই দরপতনের কারণে মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিক্ষোভ শুরু করেন বিনিয়োগকারীরা। বিক্ষুব্ধদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় মতিঝিল শাপলা চত্ত্বর থেকে রামকৃষ্ণ মিশন মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ অন্তত সাত দফা লাঠিচার্য ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, ২০-২৫ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
চারশ ৭২ দশমিক ৯০ পয়েন্ট বা সাত দশমিক ৮১ শতাংশ কমে সোমবার দিনশেষে মূল্যসূচক দাঁড়ায় পাঁচ হাজার পাঁচশ ৭৯ দশমিক ৫০ পয়েন্ট। লেনদেন হয় ছয়শ ৬৩ কোটি টাকার শেয়ার। লেনদেন হওয়া দুশ ৪৯ প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে তিনটির, কমেছে দুশ ৪৬টির দাম।
গত চার সপ্তাহে মূল্যসূচক কমেছে এক হাজার নয়শ ৩৩ পয়েন্ট।
শুরুর আধঘণ্টা পরই বিক্ষোভ
লেনদেন শুরু হওয়ার ৩০ মিনিটের মধ্যেই মূল্য সূচক ৭ দশমিক ২০ শতাংশ পড়ে যায়। সকাল ১১টা ৩২ মিনিটে মূল্য সূচক ৫৬১৬ দশমিক ৩১ পয়েন্টে দাঁড়ায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার লেনদেন শুরু হওয়ার আধঘণ্টার মধ্যেই দরপতনের ফলে বিনিয়োগকারীরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসে। মতিঝিলের শাপলা চত্বর থেকে ইত্তেফাকের মোড় পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় তিন ঘণ্টা এ সড়কে যান চলাচল বন্ধ থাকে।
বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা ডিএসই'র সামনের রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে দেয়। তারা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ে। তারা পুলিশের একটি গাড়ি ভাংচুর করে। পুলিশ এসময় ১১ জনকে আটক করে। দৈনিক বাংলা মোড়ে অন্তত চারটি গাড়ি ভাংচুর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্ষুব্ধ বিনিয়োগকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাত দফা লাঠিাচর্য ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। গোপীবাগের মোড়ে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষুব্ধ বিনিয়োগকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
মধুমিতা প্রেক্ষাগৃহের আশপাশে বিভিন্ন ব্রোকারেজ হাউজে ব্যাপক বিক্ষোভ হয়। মধুমিতা প্রেক্ষাগৃহের পাশে একটি ব্রোকারেজ হাউজে একদল বিনিয়োগকারী আগুন ধরিয়ে দেয়। তবে ওই হাউজের কর্মী ও অপর বিনিয়োগকারীরা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কেউ হতাহত বা তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
মতিঝিলের রাস্তায় বিভিন্ন স্থানে টায়ারে ধরিয়ে দেওয়া আগুন নেভানোর জন্য দমকল বাহিনীর দুটি গাড়ি পাঠানো হয়।
মধুমিতা থেকে আটক ৩০
বিক্ষোভ ও লেনদেন শেষে মধুমিতা ভবন থেকে অন্তত ৩০ বিনিয়োগকারীকে আটক করে পুলিশ।
বেলা ৩টার পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের উপ-কমিশনার মনিরুল ইসলাম ও ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মতিঝিল) মো. আব্দুল বাতেনের নেতৃত্বে একদল পুলিশ ডিএসই'র উল্টোদিকে মধুমিতা ভবনে প্রবেশ করে। বিক্ষোভের সময় ওই ভবন থেকে পুলিশের ওপর বিপুল পরিমাণ ইট-পাটকেল ছোড়া হয়।
সেখান থেকে অন্তত ৩০ জনকে আটক করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আব্দুল বাতেন।
ওই ভবনের বিভিন্ন তলা থেকে তাদের আটক করা হয়। পাঁচজনকে আটক করা হয় ওই ভবনে অবস্থিত মিরর ফ্রিল্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান থেকে। একই ভবনের রাস্টি সিকিউরিটিজ লিমিটেড থেকে আটক করা হয় ১৭ জনকে।
চট্টগ্রামেও বিক্ষোভ
দরপতনের পর চট্টগ্রামেও বিক্ষোভ করে বিনিয়োগকারীরা। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে নগরীর আগ্রাবাদ এলাকায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সামনে অবস্থান ধর্মঘট করে বিক্ষোভ করে।
পরে কয়েকশ বিনিয়োগকারী আগ্রাবাদ শেখ মুজিব রোডে বিক্ষোভ মিছিল করে। মিছিলের কারণে গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক এলাকার সড়কের উভয়পাশে যানজটের সৃষ্টি হয়।
পরে বিনিয়োগকারীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সিএসই কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে।
বরিশালে বিক্ষোভ
বরিশালে বিনিয়োগকারীরা মাটির পাত্র নিয়ে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে।
নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এই কর্মসুচি পালন করা হয়।
বরিশাল বিনিয়োগকারী ফোরামের আহবায়ক আহসান আমিন বলেন, দুপুর ১টায় অশ্বিনী কুমার হল চত্বরে প্রায় চার শতাধিক বিনিয়োগকারী মাটির বাসন নিয়ে মানববন্ধন করে।
এ সময় তারা আধঘণ্টা সড়ক অবরোধ করে। এরপর স্টক অ্যান্ড বন্ড ভবনের নিচে সমাবেশ করে।
সমাবেশে বক্তরা অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ দাবি করেন।
বগুড়ায় ভাংচুর
বগুড়ায় বিনিয়োগকারীরা সড়ক অবরোধ এবং আইসিবি মার্চেন্ট ব্যাংকে ভাংচুর করেছে।
পরে আরেক দফা সূচক পতন হলে দুপুর ১টায় শহরের বড়গোলায় একটি সিকিউরিটি হাউস থেকে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে সড়কে শুয়ে অবরোধ করে।
আইসিবি মার্চেন্ট ব্যাংকের ম্যানেজার গোলাম রব্বানী ব্যাংকে ভাংচুরের কথা স্বীকার করেন।
নারায়ণগঞ্জে বিক্ষোভ
নারায়ণগঞ্জে বিনিয়োগকারীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। দুপুরে কয়েকশ' বিনিয়োগকারী দরপতনের জন্য দায়ী করে অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতির পদত্যাগ দাবি করেন।
দুপুর ১২টায় শহরের টানবাজারের একটি ব্রোকারেজ হাউজ থেকে বিনিয়োগকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করে।
এছাড়াও শহরের আরও বেশ কয়েকটি ব্রোকারেজ হাউজের শত শত বিনিয়োগকারী খণ্ড খণ্ড মিছিল বের করে। বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তার প্রেস ক্লাবের সামনে এসে প্রতিবাদ এক সভা করে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আকতার হোসেন বিক্ষোভ মিছিলের কথা স্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/কেটি/কেএমএস/পিডি/১৪৪৭ ঘ.
bdnews24