২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ারবাজারে দরপতন, মতিঝিলে ব্যাপক বিক্ষোভ

শেয়ারবাজারে দরপতনের ফলে রাজধানীর মতিঝিল এলাকায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2011, 06:54 AM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারবাজারে দরপতনের ফলে রাজধানীর মতিঝিল এলাকায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। সোমবার লেনদেন শুরু হওয়ার আধঘণ্টার মধ্যেই দর পতনের ফলে বিনিয়োগকারীরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসে। মতিঝিলের শাপলা চত্বর থেকে ইত্তেফাকের মোড় পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনের রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে দেয়। তারা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ে। তারা পুলিশের একটি গাড়ি ভাংচুর করেছে। পুলিশ একজনকে আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্ষুব্ধ বিনিয়োগকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ করেছে। গোপীবাগের মোড়েও বিক্ষুব্ধ বিনিয়োগকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। মধুমিতা প্রেক্ষাগৃহের আশপাশে বিভিন্ন ব্রোকারেজ হাউজে ব্যাপক বিক্ষোভ চলছে। মধুমিতা প্রেক্ষাগৃহের পাশে একটি ব্রোকারেজ হাউজে একদল বিনিয়োগকারী আগুন ধরিয়ে দেয়। তবে ওই হাউজের কর্মী ও অপর বিনিয়োগকারীরা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কেউ হতাহত বা তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। সোমবার লেনদেন শুরু হওয়ার ৩০ মিনিটের মধ্যেই মূল্য সূচক ৭ দশমিক ২০ শতাংশ পড়ে যায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র জানায়, সকাল ১১টা ৩২ মিনিটে মূল্য সূচক ৫৬১৬ দশমিক ৩১ পয়েন্টে দাঁড়ায়। এই সময়ের মধ্যে ২১৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম কমেছে ২১৩টির। বেড়েছে ৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১টির দাম। লেনদেন হয়েছে মোট ১৮২ কোটি টাকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/কেএমএস/১১৫২ ঘ.