২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতন পুঁজিবাজারে, বিক্ষোভ

সপ্তাহের শুরুর দিনে ব্যাপক দরপতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। কমেছে লেনদেন ও প্রায় সবকটি শেয়ারের দাম। এতে বিনিয়োগকারীদের বিক্ষোভের কারণে মতিঝিলে ডিএসইর সামনের রাস্তায় প্রায় সাড়ে ৩ ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2011, 06:12 AM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের শুরুর দিনে ব্যাপক দরপতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। কমেছে লেনদেন ও প্রায় সবকটি শেয়ারের দাম। এতে বিনিয়োগকারীদের বিক্ষোভের কারণে মতিঝিলে ডিএসইর সামনের রাস্তায় প্রায় সাড়ে ৩ ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিলো। রোববার লেনদেনের শুরু থেকেই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক পড়তে থাকে। দিনের শেষ ঘণ্টা পর্যন্ত সে ধারা অব্যাহত ছিলো। দিন শেষে সাধারণ সূচক ৪৭৪ দশমিক ৭৭ পয়েন্ট বা ৭ দশমিক ২৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬০৫২ দশমিক ৪১ পয়েন্ট। লেনদেন হওয়া ২৪৭টি শেয়ারের দামই কমেছে, বেড়েছে ৫টির। ৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিলো। সারাদিনে মোট ৫১৩ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। ঢাকার পুঁজিবাজারে প্রথম ঘণ্টায় ব্যাপক দরপতনের পর সোয়া ১২টার দিকে বিভিন্ন ব্রোকারেস হাউজে অবস্থানকারী বিনিয়োগকারীরা ভবনের ভেতর থেকেই বিক্ষোভ শুরু করে। মতিঝিলে ডিএসই ভবনের সামনে আগে থেকেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিলো। বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা বিভিন্ন ভবনের ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুুড়তে শুরু করে। সাড়ে ১২টার পর বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা রাস্তায় নেমে মিছিল শুরু করে। এসময় পুলিশ তাদের ধাওয়া দেয়। তবে তারপরও মিছিল অব্যাহত থাকে। দুপুর সোয়া ১২টায়ই শাপলা চত্বর থেকে আর কে মিশন রোড পর্যন্ত সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। মিছিল থেকে সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। বিকাল পৌনে ৪টার দিকে পুলিশ বিনিয়োগকারীদের হটিয়ে দিলে গাড়ি চলাচল পুনরায় শুরু হয়। গত সপ্তাহের শেষ দিনের শুরুতে দর চড়লেও দিন শেষে সূচকের ১৪৬ দশমিক ২১ পয়েন্ট কমে যায়। দরপতনের পর বুধবার বিনিয়োগকারীদের বিক্ষোভের কারণে প্রায় দুই ঘণ্টা মতিঝিল থেকে আর কে মিশন রোড পর্যন্ত সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে। এদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) অত্যাধিক বিক্রির চাপের জন্য দুটি ব্রোকারেস হাউসকে চিহ্নিত করেছে। এগুলো হলো- এইচএসি সিকিউরিটিজ ও ফারইস্ট স্টক অ্যান্ড বন্ডস লিমিটেড। তাদের বিরুদ্ধে তদন্ত হবে বলে রোববার এসইসির ওয়েবসাইটে জানানো হয়। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও দরপতন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সপ্তাহের শুরুতে বড় দরপতন হয়েছে। সেইসঙ্গে কমেছে লেনদেন ও শেয়ারের দাম। রোববার সিএসই সিলেক্টিভ ক্যাটাগরিজ ইনডেক্স (সিএসসিএক্স) সূচক ৮৪৬ দশমিক ১৪ পয়েন্ট বা ৬ দশমিক ৯৮ শতাংশ কমে দিন শেষে দাঁড়ায় ১১২৬৪ দশমিক ৭৭ পয়েন্ট। সারা দিনে মোট ৯৮ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়। লেনদেন হওয়া ১৮৮টি শেয়ারেরই দাম কমেছে ও মাত্র ৩টি শেয়ারের দাম বেড়েছে। কেনো শেয়ারের দাম অপরিবর্তিত ছিল না। বরিশালে বিনিয়োগকারীদের বিক্ষোভ পুঁজিবাজারে দর পতনের ঘটনায় বরিশালে বিনিয়োগকারীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এ সময় বিক্ষুব্ধরা একটি ব্রোকারেজ হাউজে ভাংচুর করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর সদর রোড এলাকায় পাঁচশতাধিক বিনিয়োগকারী ব্রোকারেজ হাউজ আইসিবি সিকিউরিটি সার্ভিসে ভাংচুর চালায়। পরে তারা সদর রোড এসএস টাওয়ারের সামনে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় বিনিয়োগকারীরা একটি সমাবেশ করেন। সমাবেশে বক্তারা অর্থমন্ত্রীসহ পুঁজিবাজার বাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) প্রধানের পদত্যাগ দাবি করেন। সেইসঙ্গে পুঁজিবাজারে অস্থিরতা নিরসনে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। বিনিয়োগকারীদের পক্ষে বক্তব্য রাখেন- এসএম বাহার, সঞ্জীব, জিহাদ, মেহেদি, সানজিদা প্রমুখ। বরিশাল ক্ষুদ্র বিনিয়োগকারী ফোরামের আহবায়ক আহসান আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুঁজিবাজারে অব্যাহত দরপতনে সকালেই বরিশালের পাঁচটি ব্রোকারেজ হাউজে লেনদেন বন্ধ হয়ে যায়।" কোতয়ালি মডেল থানার ওসি জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিনিয়োগকারীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেছে। পরে পুলিশের হস্তক্ষেপে তারা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/জেবি/এমআই/১৮০০ ঘ.