২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেড়েছে মাছ ও মাংসের দাম

রাজধানীর কাঁচা বাজারগুলোতে শাক-সবজির দাম কমেছে। বেড়েছে মাছ ও মাংসের দাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2011, 10:09 AM

Updated : 24 Aug 2022, 02:30 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাঁচা বাজারগুলোতে শাক-সবজির দাম কমেছে। বেড়েছে মাছ ও মাংসের দাম। শুক্রবার ঢাকা মহানগরীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা য়ায়, প্রতিটি বাজারেই শীতকালীন সবজির সরবরাহ প্রচুর। আর দামও নাগালের মধ্যে। মিরপুর-১ নম্বর সেক্টরের কাঁচা বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৬ থেকে ৮ টাকা, পেঁয়াজ ২৫ টাকা, টমেটো ৩০-৩৬, শিম ২৪, বেগুন ৩০-৩৫, গাঁজর ১৫, কাঁচা মরিচ ২০, খিরা ৩০ টাকা দরে। এই বাজারে ফুলকপি প্রতিটি ১০ থেকে ২৫ টাকা এবং বাঁধাকপি ১০-১৫ টাকা করে বিক্রি হচ্ছে। তুহিন নামের এক পাইকারী সবজি ব্যবসায়ী জানান, পাইকাররা প্রচুর পরিমাণে শীতকালীন সবজি খুচরা বিক্রেতাদের সরবারহ করতে পারছেন। ফলে বাজারে সবজির দাম কমেছে। মৌসুম শেষ হলেই সবজির দাম বেড়ে যাবে বলে তার ধারণা। তবে মসলা জাতীয় জিনিসের দাম কমেনি। প্রতি কেজি আদা ১০০ টাকা এবং রসুন ১২০-১৬০ টাকা করে বিক্রি হচ্ছে। মিরপুর-১, কারওয়ান বাজার এবং মোহাম্মদপুর কৃষি মার্কেটে গরুর মাংস বিক্রি হচ্ছে ২৬০ টাকা কেজি দরে। খাসির মাংস ৪১০-৪২০ আর ব্রয়লার মুরগি ১২০ টাকা কেজি দরে। লেয়ার মুরগি প্রতি কেজি ১০০-১১০ টাকা এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে ২৪০-২৬০ টাকায়। এসব বাজারে চিংড়ি মাছের কেজি ৩২০-৪০০ টাকা, রুই (ছোট) ১৪০-১৮০, রুই (বড়) ৩০০-৪০০, ইলিশ প্রতিটি ২৫০-৭০০ টাকা করে বিক্রি হচ্ছে। প্রতিটি বাজারেই দেশি মাছ বিক্রি হচ্ছে আকাশ ছোঁয়া দামে। প্রতি কেজি শিং মাছ বিক্রি হচ্ছে ৪০০-৪২০ টাকা, মলা ২০০-২৪০, বাতাসি ২৪০-২৮০, পুটি (ছোট) ১৪০-১৬০ টাকা করে। মিরপুর-১ নম্বর সেকশনের বাজারে আজিজ নামের এক মাছ বিক্রেতা ৩০টি দেশি কই মাছের দাম চাইছেন এক হাজার টাকা। তিনি জানান, চাহিদা থাকলেও আমদানি কম থাকায় দেশি মাছের দাম বেশি। কারওয়ান বাজারে দেশি মাছের পাশাপাশি বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছও পাওয়া যাচ্ছে। ধরন অনুযায়ী এসব মাছের দামে পার্থক্য রয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আতিকুর রহমান বলেন, "পবদা মাছ কেনার ইচ্ছে ছিল। কিন্তু দাম অনেক বেশি।" তবে ঢাকা সেনানিবাস এলাকার কচুক্ষেত বাজারে সবজি থেকে শুরু করে বিভিন্ন জিনিসের দাম একটু বেশি। এখানে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৮ টাকা, মরিচ ২৫ টাকা করে। এখানকার সবজি বিক্রেতা আল-আলিম জানায়, শুক্রবার ভীড় বেশি থাকায় একটু বেশি দামেই সব জিনিসপত্র বিক্রি হয়। কারওয়ান বাজারের মাংস বিক্রেতা শাহীন বলেন, "অ্যানথ্রাক্স আতঙ্ক কেটে যাওয়ার পর থেকে গরুর মাংস বিক্রি বেড়ে গেছে। বাজারে গরুর দাম বেশি হওয়ায় মাংস একটু বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/কেএমএস/১৫৫৮ ঘ.