ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার পুঁজিবাজারে সপ্তাহের শেষ দিনের শুরুতে দর চড়লেও সূচকের পতন দিয়েই তা শেষ হয়েছে। কমেছে লেনদেন ও অধিকাংশ শেয়ারের দাম।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের শুরুতে দর একটু পড়ে যায়। এরপর তা বেড়ে যায়। সোয়া ১১টায় সাধারণ সূচক ৬৭০০ স্পর্শ করে। কিন্তু এরপরই দ্রুত দর পতন হতে থাকে।
দিন শেষে সাধারণ মূল্য সূচক গত দিনের চেয়ে ১৪৬ দশমিক ২১ পয়েন্ট বা ২ দশমিক ১৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৫২৭ দশমিক ১৯ পয়েন্টে।
লেনদেন হওয়া ২৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দামই কমেছে, বেড়েছে ১৭টির। সারাদিনে হাতবদল হওয়া ২৫০টি শেয়ারের কোনোটিরই দাম অপরিবর্তিত ছিলো না।
দিন শেষে মোট লেনদেন দাঁড়ায় ৫৬৩ কোটি টাকা। গতদিন লেনদেন হয় মোট ৬৭৩ কোটি টাকার শেয়ার।
একদিন আগে বুধবার ডিএসইতে সূচক ১৪৯ পয়েন্ট কমে। যে কারণে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা রাস্তায় নেমে আসে। ফলে প্রায় দুই ঘণ্টা মতিঝিল থেকে আর কে মিশন রোড পর্যন্ত সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে।
বৃহস্পতিবার লেনদেনের পর এক দল বিক্ষোভকারী রাস্তায় নামলেও পুলিশের মারমুখী অবস্থান দেখে তারা পিছু হটে। ওই সময় প্রায় ১৫ মিনিটের জন্য সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেবি/এমআই/১৬২০ ঘ.
bdnews24