ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান অস্থিতিশীল দ্রব্যমূল্যের বাজারে ব্যবসায়ীদের মুনাফা ছাড়াই ব্যবসা করার পরামর্শ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।
তিনি বলেন, "ব্যবসায়ীরা মুনাফা (প্রফিট) করবে, কিন্তু এখন মুনাফার সময় নয়। ব্যবসায়ীদেরও দায়িত্ব আছে। জনগণের প্রতি তাদের দায়বদ্ধতাও রয়েছে। এখন তাদের মুনাফা না করে ব্রেক ইভেনে ব্যবসা করা উচিত।"
বুধবার সচিবালয়ে ঢাকা চেম্বার অব কমার্সের (ডিসিসিআই) নব নির্বাচিত কমিটির সদস্যরা দেখা করতে গেলে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
ফারুক খান বলেন, "নির্বাচনের আগে আমরা দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার প্রতিশ্র"তি দিয়েছিলাম। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেড় বছর স্থিতিশীল ছিল। কিন্তু গত ছয় মাস থেকে দ্রব্যমূল্য বেড়ে চলেছে।"
এ জন্য আন্তর্জাতিক বাজারের মূল্যবৃদ্ধিকে দায়ী করে তিনি বলেন, "ভারতের অর্থমন্ত্রী বলেছেন, আমার (ভারতের অর্থমন্ত্রী) কাছে জাদুর কাঠি নেই যে দ্রব্যমূল্য কমিয়ে দেবো।"
সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, গত এক বছরে মোটা চালের দাম বেড়েছে ৩৩ দশমিক ৩৩ শতাংশ, মাঝারি চাল ১৭ দশমিক ৬৫ শতাংশ, সরু চাল ১৮ দশমিক ৯৯ শতাংশ, আটা ৫৩ দশমিক ৩৩ শতাংশ, ময়দা ১৭ দশমিক ১৯ শতাংশ, খোলা সয়াবিন তেল ৪৫ দশমিক ৮৩ শতাংশ, চিনি সাত দশমিক শুন্য দুই শতাংশ।
ফারুক খান বলেন, "বোরো ধান ওঠা শুরু হবে এপ্রিলে। তার আগেই চালের দাম কমে আসবে। ভোজ্যতেলের দাম মে মাসের মধ্যে ঠিক হয়ে যাবে।"
বাণিজ্য মন্ত্রী বলেন, "টিসিবিকে আমরা যে কার্যকর করেছি তা প্রতিষ্ঠানটির ব্যবসার হিসাব দেখেই বোঝা যায়। ২০০৬ সালে টিসিবি ব্যবসা করেছে ১০ থেকে ১২ কোটি টাকার। ২০০৭-এ ৮ কোটি, ২০০৮-এ ৬ কোটি টাকার। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০০৯-এ টিসিবি ব্যবসা করেছে ৪৪ কোটি এবং ২০১০-এ ৪৪৪ কোটি টাকার। ২০১১ সালে প্রতিষ্ঠানটির প্রায় চার হাজার কোটি টাকার ব্যবসা করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।"
"এ থেকেই বোঝা যায় টিসিবি মানুষের কাছে সেবা পৌঁছে দিচ্ছে", বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/কেএমএস/১৯৩৬ ঘ.
bdnews24