২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ঋণখেলাপিরাই চান না বাজার চাঙ্গা হোক'

ঋণখেলাপিরাই চায় না শেয়ারবাজার চাঙ্গা হোক- বলেছেন অর্থমন্ত্রী। কেন তারা তা চান না তার ব্যাখ্যাও দিয়েছেন মন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 12:55 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঋণখেলাপিরাই চায় না শেয়ারবাজার চাঙ্গা হোক- বলেছেন অর্থমন্ত্রী। কেন তারা তা চান না তার ব্যাখ্যাও দিয়েছেন মন্ত্রী। বুধবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, "আওয়ামী লীগ ছাড়া অন্য সরকারের সময় শেয়ারবাজার ঠিকমতো কাজ করেনি, তাই ঋণখেলাপির সৃষ্টি হয়েছে। এ জন্য অনেকেই চান শেয়ারবাজার যেমন আছে তেমন পড়ে থাকুক।" প্রশ্নোত্তর পর্বে সুলতানা বুলবুলের এক সম্পূরক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। 'আওয়ামী লীগ [ক্ষমতায়] এলেই শেয়ারবাজারে ধস নামে'- এটা কিছুটা ঠিক উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, "শেয়ারবাজারকে ঠিক মতো অ্যাক্ট (কাজ) করতে দিলে ধস নামবে। কাজ করতে না দিলে ধস নামবে না। "আওয়ামী লীগ ছাড়া অন্য যারা ক্ষমতাই ছিল তারা কেউ শেয়ারবাজারকে কাজ করতে দেয়নি। এজন্য কোনো ধসও হয়নি। "পুঁজিবাজারের বিনিয়োগকারীরা কোনো ক্ষতি সহ্য করতে চান না," বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী মুহিত। তিনি বলেন, "শেয়ারবাজার অতিমূল্যায়িত হলে এর পতন হবে।" তিনি বলেন, "শেয়ার বাজার নিয়ে চক্রান্ত চলছে।" মঙ্গলবার পুঁজিবাজারে সূচকের ওঠা-নামা এবং এর মধ্যে অর্থমন্ত্রীর পদত্যাগ চেয়ে বিক্ষোভ প্রসঙ্গেও সংসদে কথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, "বাজারে গুজব রটে গেল- আমি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পেশ করিছি। এর পেছনে চক্রান্ত আছে।" বেনামি বিনিয়োগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, "এখন আমাদের কাছে অস্ত্র আছে। বেনামি বিনিয়োগকারীদের আমরা কিছুটা ধরতে পারব।" চিপ হুইপ আব্দুস শহীদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, "আমরা বুক বিল্ডিং মেথড চালু করেছি। তা কিছুটা কাজ করেনি। আইনে প্রতারণা ধরার তেমন কোনো কৌশল নেই। এজন্য নতুন আইন করা হচ্ছে।" বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) 'যেসব ভুল করেছে' তার দায় অর্থমন্ত্রী নিজেই স্বীকার করে নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৯১৯ ঘ.