ঢাকা, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইলফোন অপারেটরদের লাইসেন্স নবায়নের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি প্রস্তাবিত খসড়া নীতিমালা পুর্নবিবেচনা করার দাবি জানিয়েছে চারটি অপারেটর।
মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে টেলিকম অপারেটর বাংলালিংক, সিটিসেল, গ্রামীণফোন এবং রবি যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
গ্রামীণ ফোনের প্রধান নির্বাহী ওডভার হেশজেদাল, সিটিসেলের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী মাহফুজুর রহমান, রবির প্রধান নির্বাহী মাইকেল কোয়েনার এবং বাংলালিংকের প্রধান নির্বাহী আহমেদ আবু দোমা সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রস্তাবিত নীতিমালা বাস্তবায়ন করা হলে লাইসেন্স নবায়ন ও তরঙ্গ (স্পেকট্রাম) বরাদ্দের জন্য ৪টি অপারেটর কোম্পানিকে ১৪ হাজার কোটি টাকা দিতে হবে। একসঙ্গে এতো টাকা দিতে হলে টেলিকম ব্যবসা হুমকির মুখে পড়বে।
অপারেটরগুলোর শীর্ষ কর্মকর্তারা বলেন, প্রস্তাবিত নীতিমালা বাস্তবায়ন করা হলে অতিরিক্ত এ খরচের বোঝা গ্রাহকের ওপর পড়বে। এতে চূড়ান্তভাবে গ্রাহকরাই ক্ষতিগ্রস্ত হবে।
এ নীতিমালা পরিবর্তন করার দাবি জানিয়ে অপারেটরগুলোর পক্ষ থেকে বলা হয়, আন্তজার্তিক পরামর্শক নিয়োগ করে অপারেটরদের সঙ্গে আলোচনার মাধ্যমে নীতিমালাটি চূড়ান্ত করা উচিৎ।
অপারেটর ও সরকার- উভর পক্ষই যাতে লাভবান হয়- সেই আলোকে নীতিমালাটি চূড়ান্ত করার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।
প্রস্তাবিত নীতিমালা চূড়ান্ত করা হলে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন হুমকির মুখে পড়বে উল্লেখ করে গ্রামীণ ফোনের সিইও বলেন, এ নীতিমালার বাস্তবায়ন হলে পুরো টেলিকম খাত বিপদে পড়বে। এ খাত বাংলাদেশের উন্নয়ন ও দারিদ্র বিমোচনে অবদান রাখছে। লাইসেন্স ও স্পেকট্রাম ফির বিষয়ে একটি সমাধানে পৌঁছানোর জন্য আহ্বান জানান তিনি।
রবির প্রধান নির্বাহী মাইকেল কোয়েনার বলেন, টেলিকম খাত বাংলাদেশে লাখ লাখ লোকের কর্মসংস্থান করেছে। প্রস্তাবিত নীতিমালা বাস্তবায়ন করা হলে অপারেটররা লোকসানী কোম্পানিতে পরিণত হবে।
সিটিসেলের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী বলেন, প্রস্তাবিত লাইসেন্স নবায়ন ফি ও স্পেকট্রাম বরাদ্দ বাবদে বড় অংকের টাকা দিতে হলে এর প্রভাব পড়বে মোবাইল ফোন ব্যবহারকারীদের ওপর। এ টাকা দিতে হলে অপারেটররা নতুন নতুন প্রযুক্তিতে আর বিনিয়োগ করতে পারবে না। ফলে পুরো খাতই হুমকির মুখে পড়বে।
বাংলালিংকের প্রধান নির্বাহী বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের জন্যই প্রস্তাবিত নীতিমালা পরিবর্তন করা উচিৎ। এ নীতিমালা বাস্তবায়ন করা হলে অপারেটররা কখনোই বিনিয়োগের টাকা তুলে লাভে যেতে পারবে না।
৫ দশমিক ৫ শতাংশ রাজস্ব বিনিময়ের বিধান রেখে মোবাইলফোন অপারেটরদের লাইসেন্স নবায়নের এ খসড়া নীতিমালা গত ২০ জানুয়ারি প্রকাশ করা হয়।
এতে লাইসেন্স নবায়নের আবেদন বাবদে ১ লাখ টাকা এবং নবায়ন ফি দশ কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে। বার্ষিক লাইসেন্স ফি ধরা হয়েছে ৫ কোটি টাকা।
এ খসড়ায় অপারেটরদের পনেরো বছরের জন্য লাইসেন্স দেওয়ার কথা বলা হয়েছে। মেয়াদ শেষে লাইসেন্স নবায়নের সুযোগ রাখা হয়েছে।
নতুন নীতিমালায় স্পেকট্রামের জন্য আবেদন করতে হবে ৫০ হাজার টাকা ফি দিয়ে। স্পেকট্রাম অ্যাসাইনমেন্ট ফি দিতে হবে প্রতি মেগাহার্টজে জিএসএম ১৮০০ ব্যান্ডের জন্য ১৫০ কোটি টাকা, ৯০০ ব্যান্ডের জন্য ৩০০ কোটি টাকা এবং সিডিএমএর প্রতি মেগাহার্ডজের জন্য ১৫০ কোটি টাকা।
লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বর্তমানে বাজারে থাকা চারটি অপারেটরকে তা নবায়ন করতে হবে। তবে অন্য দুই অপারেটর এয়ারটেল ও টেলিটককে লাইসেন্স নবায়ন করতে হবে না।
এতে করে টেলিকম খাতে সব কম্পানি ব্যবসার সমান সুযোগ পাবে না বলে মন্তব্য করেন বাংলা লিংকের প্রধান নির্বাহী।
টাকার অংকের ক্ষেত্রে অপারেটরদের নির্দিষ্ট কোনো প্রস্তাব আছে কি-না জানতে চাইলে সিটিসেলের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী বলেন, "এ ব্যাপারে অপারেটরদের কোনো প্রস্তাব নেই। বিষয়টি বিবেচনা করে সরকারের উচিৎ দুই পক্ষের জন্যই লাভজনক একটি অবস্থায় ঁেপৗছানোর চেষ্টা করা।'
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/২০৩২ ঘ.
bdnews24