২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের দাম বাড়লো

প্রতি ইউনিট বিদ্যুতের খুচরা দাম অন্তর্বর্তী সময়ের জন্য গড়ে চার টাকা থেকে পাঁচ শতাংশ বাড়িয়ে চার টাকা ২০ পয়সা করা হয়েছে। এছাড়া পাইকারি (বাল্ক) বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে ১১ শতাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2011, 11:15 AM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতি ইউনিট বিদ্যুতের খুচরা দাম অন্তর্বর্তী সময়ের জন্য গড়ে চার টাকা থেকে পাঁচ শতাংশ বাড়িয়ে চার টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এই বর্ধিত দাম ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। তবে আবাসিক গ্রাহকদের ১০০ ইউনিট পর্যন্ত ব্যবহারের ক্ষেত্রে, সেচ সংযোগ এবং অনাবাসিক (ধর্মীয়, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান ) গ্রাহকের জন্য এই বর্ধিত দাম কার্যকর হবে না। এছাড়া বিদ্যুতের পাইকারি (বাল্ক) দাম দুই ধাপে বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটায় রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থার চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন এই ঘোষণা দেন। তিনি জানান, খুচরা বিদ্যুতের দাম ৫ শতাংশ বাড়ানো হয়েছে অন্তর্বর্তী সময়ের জন্য। এ বিষয়ে ভোক্তাসহ বিভিন্ন পক্ষকে নিয়ে গণশুনানি শেষে আগামী এক মাসের মধ্যেই দাম পুনর্নিধারণ করা হবে। বিউবোর উপ-পরিচালক (বাণিজ্যিক) তসলিম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের খুচরা দাম গড়ে ৪ টাকা। সে হিসেবে ইউনিট প্রতি বিদ্যুতের বর্ধিত খুচরা দাম দাঁড়ায় ৪ টাকা ২০ পয়সা। এছাড়া বিদ্যুতের পাইকারি দাম বাড়বে দুই ধাপে। প্রথম দফায় প্রতি কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুতের দাম ২ টাকা ৩৭ পয়সা থেকে ১১ শতাংশ বাড়িয়ে ২ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। এই দাম ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর ধরা হবে। দ্বিতীয় দফায় প্রতি কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুতের দাম ২ টাকা ৬৩ পয়সা থেকে ছয় দশমিক ৬৬ শতাংশ বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ টাকা ৮০ পয়সা। আগামী ১ আগস্ট থেকে এই দাম কার্যকর হবে। ইউসুফ হোসেন বলেন, "বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর পরও সরকারকে এ খাতে দেড় হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে।" বিতরণকারী সংস্থা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো), পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) এর আওতাধীন পল্লী বিদ্যুত সমিতিগুলোর কাছে পাইকারি দামে বিদ্যুত বিক্রি করে থাকে বিউবো। পাইকারি দাম বাড়ানোয় প্রথম দফায় আরইবিকে প্রতি কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ দুই টাকা ৪৭ পয়সায় (বর্তমান মূল্য দুই টাকা ৩০ পয়সা), ওজোপাডিকোকে দুই টাকা ৬৪ পয়সায় (বর্তমান মূল্য দুই টাকা ৪৪ পয়সা), ডেসকোকে দুই টাকা ৭৮ পয়সায় (বর্তমান মূল্য দুই টাকা ৪৪ পয়সা) এবং ডিপিডিসিকে দুই টাকা ৭৫ পয়সায় (বর্তমান মূল্য দুই টাকা ৪৪ পয়সা) বিউবোর কাছ থেকে কিনতে হবে। এ ছাড়া বিউবোর নিজস্ব বিতরণ অঞ্চলে দাম দুই টাকা ৪৪ পয়সা থেকে বেড়ে হবে দুই টাকা ৬৭ পয়সা। দ্বিতীয় দফায় প্রতি কিলোওয়াট-ঘণ্টা বিদুতের দাম আরইবির ক্ষেত্রে দুই টাকা ৪৭ পয়সা থেকে বেড়ে দুই টাকা ৬৩ পয়সা, ওজোপাডিকোর ক্ষেত্রে দুই টাকা ৬৪ পয়সা থেকে বেড়ে দুই টাকা ৮১ পয়সা, ডেসকোর ক্ষেত্রে দুই টাকা ৭৮ পয়সা থেকে বেড়ে দুই টাকা ৯৬ পয়সা এবং ডিপিডিসির ক্ষেত্রে দুই টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে দুই টাকা ৯৪ পয়সা হবে। এ ছাড়া বিউবোর নিজস্ব বিতরণ অঞ্চলে দাম দুই টাকা ৬৭ পয়সা থেকে বেড়ে হবে দুই টাকা ৮৪ পয়সা। বিইআরসি'র চেয়ারম্যান আরো বলেন, বিদ্যুত খাতের উন্নয়নে বিউবোকে 'বিদ্যুত রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন ফাণ্ড' গঠন করতে হবে। এক্ষেত্রে বর্ধিত মূল্য হারের পাঁচ দশমিক ১৭ শতাংশ অর্থ নিয়ে ওই ফাণ্ড গঠন করতে হবে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিইআরসির সদস্য মো. ইমদাদুল হক ও সেলিম মাহমুদ। বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) প্রস্তাবের ওপর ১৯ জানুয়ারি বিইআরসি কার্যালয়ে গুণশুনানি হয়। ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই), পোশাক তৈরি ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শুনানি শেষে বিইআরসি চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন বলেছিলেন, ১৫ ফেব্রুয়ারির মধ্যে বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হবে। সর্বশেষ ২০০৮ সালের ১ অক্টোবর প্রতি কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুতের পাইকারি দাম ২ টাকা ৪ পয়সা থেকে ১৬ শতাংশ বাড়িয়ে ২ টাকা ৩৭ পয়সা করা হয়। গত ১ নভেম্বর পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে বিইআরসিকে লিখিত প্রস্তাব দেয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। ওই প্রস্তাবে বলা হয়, প্রতি বছর শতকরা ৮ থেকে ১০ শতাংশ হারে বিদ্যুতের চাহিদা বাড়ার প্রেক্ষাপটে নতুন নতুন উৎপাদন কেন্দ্র স্থাপন ও বেসরকারি কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে হচ্ছে। এ কারণে বিদ্যুতের দাম বাড়ানো প্রয়োজন। আগামী তিন বছরে বিদ্যুতের পাইকারি দাম প্রতি ছয় মাস অন্তর সাড়ে ১২ শতাংশ হারে বাড়ানোর প্রস্তাব করে বিউবো। তাদের প্রস্তাবে আরো বলা হয়, ২০০৯-১০ সালে প্রতি ইউনিট বিদ্যুতের গড় উৎপাদন ব্যয় ছিল দুই টাকা ৬২ পয়সা। কিন্তু বিতরণ কোম্পানিগুলোর কাছে বিউবো প্রতি ইউনিট বিদ্যুৎ বিক্রি করেছে ২ টাকা ৩৭ পয়সা দরে। কাজেই অন্যান্য ব্যয় অপরিবর্তিত থাকলেও শুধু তরল জ্বালানির ব্যবহার বাড়ার কারণে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন ব্যয় ২০১০-১১ সালে ইউনিট প্রতি হবে তিন টাকা ৬২ পয়সা (বৃদ্ধির হার ৫২ দশমিক ৫৭ শতাংশ)। আর ২০১১-১২ সালে হবে প্রায় চার টাকা ৪১ পয়সা (বৃদ্ধির হার ৭৪ দশমিক ৮৫ শতাংশ)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/এইচএ/২০৩০ ঘ.