ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাড়ায় চালিত বিদ্যুৎকেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে দুই লাখ মেট্রিক টন ফার্নেস অয়েল কিনবে সরকার।
সোমবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব নূরুল করিম এ কথা জানান।
তিনি জানান, আন্তঃদেশ চুক্তির আওতায় ইন্দোনেশিয়ার রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান বিএসপি আগামী জুন নাগাদ ৮০ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল সরবরাহ করবে।
"টনপ্রতি ফার্নেস অয়েলের দাম ধরা হয়েছে ৩১ দশমিক ৫০ মার্কিন ডলার। এ হিসাবে মোট পরিশোধ করতে হবে ৩০৫ কোটি মার্কিন ডলার," বলেন নূরুল করিম।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে বৈঠকে ৯১ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে ওয়াসার জন্য দুশটি ডিজেল চালিত পাম্প কেনার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়।
নূরুল করিম জানান, বাংলাদেশ ডিজেল প্লান্ট কোম্পানি এগুলো সরবরাহ করবে।
এ ছাড়া ৩০ হাজার মেট্রিক টন সেদ্ধ চাল ও ৫০ হাজার মেট্রিক টন গম কেনার প্রস্তাব বৈঠকে অনুমোদন পেয়েছে। দুটি বেসরকারি প্রতিষ্ঠান এ সব সরবরাহ করবে। এতে মোট ব্যয় হবে ৪৪২ কোটি টাকা।
যুগ্ম সচিব বলেন, মেসার্স ওলাম ইন্টারন্যাশনাল টনপ্রতি ৫৩০ দশমিক ২৪ ডলার হিসাবে চাল আমদানি করবে। এতে মোট ব্যয় হবে ১১৪ কোটি ৫৩ লাখ টাকা। এ ছাড়া মেসার্স এলএনজে টনপ্রতি ১৩০ দশমিক ৬৪ ডলার হিসাবে ৩৬২ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে গম আমদানি করবে।
অন্যদিকে, পদ্মা সেতুর পুনঃনকশা তৈরির অতিরিক্ত দরপ্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে অতিরিক্ত ব্যয় হবে ৫১ কোটি টাকা। এর আগে ব্যয় ধরা হয়েছিল ১১৪ কোটি টাকা।
একই সঙ্গে কাশিয়ানী থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত ৫৫ কিলোমিটার রেলপথ নির্মাণের প্রস্তাব বৈঠকে অনুমোদন দেওয়া হয়।
এতে ব্যয় হবে ২৪৮ কোটি ৮২ লাখ ৭৭ হাজার টাকা। ভারতীয় প্রতিষ্ঠান জিপিটি ও কেপিটিএল যৌথভাবে এ রেলপথ নির্মাণ করবে, জানান যুগ্ম সচিব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/পিডি/১৯৪৭ ঘ.
bdnews24