২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার ছাড়তে না পারলে চলে যান: মুহিত

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, অল্প সময়ের মধ্যে সরকারি ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার পুজিবাজারে না ছাড়া হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগ করতে হবে। তবে এই অল্প সময় ঠিক কতটা সময় তা ব্যাখ্যা করেননি তিনি। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2011, 07:34 AM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, অল্প সময়ের মধ্যে সরকারি ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার পুজিবাজারে না ছাড়া হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগ করতে হবে। তবে এই অল্প সময় ঠিক কতটা সময় তা ব্যাখ্যা করেননি তিনি। অর্থমন্ত্রী রোববার সচিবালয়ে ঢাকা চেম্বারের নেতাদের সঙ্গে বৈঠকে বলেন, "বারবার তাগাদা দেওয়ার পরও সরকারি প্রতিষ্ঠানগুলোর শেয়ার বাজারে আসছে না। এতে আমি হতাশ।" "অল্প সময়ের মধ্যে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার যদি বাজারে না আসে, তবে ওই সব প্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগ করতে হবে", বলেন তিনি। পুঁজিবাজারে অস্থিরতা নিয়েও কথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, জেড ক্যাটাগরির শেয়ার নিয়ে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। এরা বছরের পর বছর ডিভিডেন্ট দেয় না। নামসর্বস্ব এসব কোম্পানির শেয়ারের দাম তারপরও হু হু করে বাড়ছে। "জেড ক্যাটাগরির শেয়ার বাজার থেকে আলাদা করার চিন্তাভাবনা আমরা করছি", বলেন মুহিত। তিনি বলেন, "পুঁজিবাজার এখন বিপজ্জনক জায়গায় চলে গেছে। কিছুক্ষণ আগেই শুনলাম, আজও গোলমাল হচ্ছে।" ঢাকার পুঁজিবাজারে দরপতনের পর রোববার বিক্ষোভ করছে বিনিয়োগকারীরা। তারা অর্থমন্ত্রীর বিরুদ্ধেও স্লোগান দেয়। মুহিত বলেন, "বাজার স্বাভাবিক করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। পুঁজিবাজারে অস্থিরতার কারণ খুঁজতে আমরা একটি তদন্ত কমিটি করেছি। তারা কাজ করছে।" তদন্ত কমিটি যে সুপারিশ দেবে তা বিবেচনায় এনে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান তিনি। গত দুই মাস ধরে উত্থান-পতনের মধ্যে দেশের পুঁজিবাজারে অস্থিরতা চলছে। এ নিয়ে ব্যাপক বিক্ষোভ ও ভাংচুরও হয়। বাজার স্থিতিশীল করতে নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) কয়েকটি সিদ্ধান্ত নেয়। অনিয়মের অভিযোগ ওঠায় তার তদন্তে কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদকে প্রধান করে কমিটি করে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৪১৪ ঘ.