ঢাকা, ফেব্রুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসার সুযোগ ও বিনিয়োগ সম্ভাবনা অনুসন্ধানে অ্যামচেম ইন্ডিয়ার একটি প্রতিনিধি দল চার দিনের সফরে ৮ ফেব্র"য়ারি বাংলাদেশে আসছে।
অ্যামচেম বাংলাদেশের সভাপতি আফতাব উল ইসলাম শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, অ্যামচেম ইন্ডিয়ার সহ-সভাপতি অনিরুদ্ধ লাহিড়ীর নেতৃত্বে ১৭ সদস্যের প্রতিনিধি দলটি ১০ ফেব্র"য়ারি পর্যন্ত বাংলাদেশ সফর করবে। এ সময়ে তারা সরকারের মন্ত্রী ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা করবেন।
এছাড়া ১০ ফেব্র"য়ারি ঢাকার শেরাটন হোটেলে ২০তম ইউএস ট্রেড শো'র উদ্বোধনী অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন তারা।
অ্যামচেম বাংলাদেশের নির্বাহী পরিচালক এ গফুর জানান, বাংলাদেশে অ্যামচেম ইন্ডিয়ার প্রতিনিধি দলের দ্বিতীয় সফর এটি।
এর আগে ২০০৮ সালে ভারতীয় এ ব্যবসায়ী সংগঠনের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসছিলো।
এ গফুর বলেন, "বাংলাদেশে অ্যামচেম ইন্ডিয়ার প্রতিনিধি দলের সফর খুবই ইতিবাচক। অবকাঠামো, টেলিকম, স্বাস্থ্য, ওষুধ, খাদ্য, পানীয়, কৃষি ও তথ্য প্রযুক্তি খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এ প্রতিনিধি দলে রয়েছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/জেকে/২১৪৫ ঘ.
bdnews24