ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবেশী দেশগুলোর বাজারের সঙ্গে তুলনা করে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতিপূর্ণ।
বৃহস্পতিবার ঢাকায় দি ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়।
অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার প্রথমদিকে সিন্ডিকেটের তৎপরতা থাকলেও সরকারের নিবিড় বাজার মনিটরিংয়ের ফলে বর্তমানে তা আর নেই।
পর্যায়ক্রমে বাজারমূল্য মনিটরিং পদ্ধতিকে 'ডিজিটালাইজড' করা হবে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, ডিও প্রথা পরিবর্তন করে 'ডিস্ট্রিবিউটরশিপ' চালু করতে নতুন আইন বাস্তবায়ন করতে যাচ্ছে। এটা হলে সারাদেশে পণ্যমূল্য সহনীয় পর্যায়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আইসিএসবির প্রেসিডেন্ট মোহাম্মদ সানাহ উল্লাহ অনুষ্ঠানে চার্টার্ড সেক্রেটারিদের পেশাগত ভূমিকা তুলে ধরেন।
অন্যদের মধ্যে সাবেক বাণিজ্য সচিব সোহেল আহমেদ চৌধুরী, ফিরোজ আহমেদ, আইসিএসবির সাবেক সভাপতি ও কাউন্সিল সদস্য মোহাম্মদ আসাদ উল্লাহ, সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট মো. শহীদ ফারুকীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/জেকে/২২১৭ ঘ.
bdnews24