ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় পাঁচ দিনব্যাপী সফটওয়্যার ও আইটি সার্ভিস প্রদর্শনী 'বেসিস সফটএক্সপো' শুরু হয়েছে।
মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বাংলাদেশের সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এই প্রদর্শনীর আয়োজন করেছে।
প্রদর্শনীর সহ-আয়োজক হিসেবে রয়েছে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম।
অর্থমন্ত্রী বলেন, "বাংলাদেশের সফটওয়্যার ফার্মগুলো ব্যবস্থাপনার জন্য এখনো বিদেশিদের ওপর নির্ভরশীল। এসব জায়গায় পরিবর্তন আনতে হবে।"
আইটি শিল্প বিকাশের জন্য একাধিক ফার্ম প্রতিষ্ঠায় সরকারের চিন্তাভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, "প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারের 'ওয়ার্কিং রিলেশনশিপ' থাকতে হবে।"
সভায় আরো বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, বেসিসের সভাপতি মাহবুব জামান প্রমুখ।
প্রদর্শনীতে দেশি-বিদেশি ১২০টি প্রতিষ্ঠান সাতটি জোনে অংশ নিচ্ছে।
পাঁচ দিনব্যাপী এই প্রদর্শনীতে ২০টি সেমিনার, বিভিন্ন টেকনিক্যাল সেশন, নতুন প্রতিভার খোঁজ, আইটি জব ফেয়ার, বিদেশি সফটওয়্যার প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা এবং আইটি ইনোভেশন সার্চ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে। প্রদর্শনীর প্রবেশমূল্য ৩০ টাকা হলেও শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে টিকিটি ছাড়াই ঢুকতে পারবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এলএন/এএল/এমআই/১৭০৫ ঘ.
bdnews24