২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে দরপতন অব্যাহত

সপ্তাহের তৃতীয় দিনেও পুঁজিবাজারে সূচকের পতন হয়েছে। কমেছে লেনদেন ও অধিকাংশ শেয়ারের দাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2011, 10:33 AM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের তৃতীয় দিনেও পুঁজিবাজারে সূচকের পতন হয়েছে। কমেছে লেনদেন ও অধিকাংশ শেয়ারের দাম। টানা পাঁচদিন ঊর্ধ্বমুখী থাকার পর সোমবার থেকে দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচক কমতে শুরু করে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঊর্ধ্বগতি দিয়ে শুরু হলেও কিছু সময় পর সূচক পড়তে থাকে। সাধারণ সূচক আগের দিনের চেয়ে ২০৩ দশমিক ২৪৬৫১ পয়েন্ট বা ২ দশমিক ৭১ শতাংশ কমে দিন শেষে দাঁড়ায় ৭২৮০ দশমিক ৯৮ পয়েন্ট। এদিন মোট ৯৩৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ারের হাত বদল হয়েছে। গতদিন লেনদেন হয় ১ হাজার ৭৭ কোটি টাকা। লেনদেন হওয়া ২৫৫টি শেয়ারের মধ্যে দাম কমেছে ২৩৩টির বেড়েছে মাত্র ২০টির ও অপরিবর্তিত ছিলো ২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। যেসব কম্পানির শেয়ারের দাম কমেছে- তার মধ্যে রয়েছে খাদ্য, জ্বালানি, বিদ্যুৎ, বীমা ও মিউচুয়াল ফান্ড। ব্যাংক, টেলিকম ও জ্বালানি খাতের প্রতিষ্ঠান লেনদেনে এগিয়ে থাকে। লেনদেনের তালিকায় শীর্ষে ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল)। এই প্রতিষ্ঠানের মোট ৪৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। দ্বিতীয় অবস্থানে থাকা গ্রামীণফোনের মোট লেনদেন হয় ৪২ কোটি টাকা। তৃতীয় অবস্থানে থাকা তিতাস গ্যাসের মোট লেনদেন হয় ২৬ কোটি টাকা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকে পতনের সঙ্গে কমেছে লেনদেন ও বেশিরভাগ শেয়ারের দাম। এই বাজারে সিলেক্টিভ ক্যাটাগরিজ ইনডেক্স (সিএসসিএক্স) আগের দিনের চেয়ে ২ দশমিক ৭৫ শতাংশ কমে দাঁড়ায় ১৩৪৯০ দশমিক ৬১ পয়েন্টে। লেনদেন হওয়া ২০২টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম কমেছে ১৮২টির, বেড়েছে ১৯টির এবং একটির দাম অপরিবর্তিত ছিলো। সিএসইতে লেনদেন হওয়া শেয়ারের মোট মূল্য ১১৪ কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেবি/এমআই/১৬৩০ ঘ.