২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিএনজির দামও বাড়ছে: প্রতিমন্ত্রী

জ্বালানি তেলের পর নতুন বছরের শুরুতে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দামও বাড়ানো হবে বলে ইঙ্গিত দিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2011, 08:36 AM

Updated : 24 Aug 2022, 05:29 PM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি তেলের পর নতুন বছরের শুরুতে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দামও বাড়ানো হবে বলে ইঙ্গিত দিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক। শুক্রবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জ্বালানি তেলের সঙ্গে সমন্বয় রাখতে সিএনজির দাম আগামী ১০ দিনের মধ্যে বাড়ানো হতে পারে।” তবে দাম কত শতাংশ বাড়বে- সে বিষয়ে কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি। চলতি বছর ১২ মে ও ১৯ সেপ্টেম্বর দুই দফায় প্রতি ঘনমিটার সিএনজির দাম মোট ১৩ টাকা বাড়ানো হয়। বর্তমানে প্রতি ঘনমিটার সিএনজি বিক্রি হচ্ছে ৩০ টাকায়। সিএনজির পাশাপাশি সব ধরনের জ্বালানি তেলেও দামও চার দফায় লিটারে ১৭ টাকা করে বাড়ানো হয়েছে এ বছর। সর্বশেষ বৃহস্পতিবার রাতে প্রতি লিটার ডিজেল ৬১ টাকা, কেরোসিন ৬১ টাকা, পেট্রোল ৯১ টাকা, অকটেন ৯৪ টাকা ও ফার্নেস অয়েল ৬০ টাকা দরে বিক্রির নির্দেশনা দেয় সরকার। এর আগে নভেম্বরে সরকার সিএনজির দাম বাড়ানোর ঘোষণা দিলে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনসহ চারটি সংগঠন সংবাদ সম্মেলন করে জানায়, গণশুনানি ছাড়া দাম বাড়ানো হলে তারা ধর্মঘটে যাবেন। এ কারণে তখন সিএনজির দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১৪৩২ ঘ.