আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর মরিয়া চেষ্টায় ভাড়াভিত্তিক কেন্দ্রে কম দামে তেল সরবরাহ করতে গিয়ে যে ভর্তুকি দিতে হচ্ছে, তা পোষাতে সরকারকে চলতি বছর চার দফায় লিটারে ১৭ টাকা বাড়াতে হয়েছে জ্বালানি তেলের দাম। গ্যাস সঙ্কটের কারণে সিএনজির দামও বেড়েছে দুই দফায় ১৩ টাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনীতির চাকা সচল রাখতে জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিলেও ২০১১ সালে উল্লেখযোগ্য কোনো সাফল্য আসেনি। ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে কয়লানীতি প্রণয়নের কথা বলা হলেও গত তিন বছরে তা করতে পারেনি সরকার।
২০০৯ সালের জুলাই মাস থেকে নুতন গ্যাস সংযোগ দেওয়া বন্ধ হওয়ার পর আবাসন শিল্পের উদ্যোক্তার বারবার সংযোগ দেওয়া দাবি জানিয়ে এসেছেন। কিন্তু সঙ্কটের কারণে সরকার তা দিতে পারেনি।
গ্যাস উৎপাদন বাড়াতে এ বছর যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বহুজাতিক কোম্পানির সঙ্গে উৎপাদন-বণ্টন চুক্তি (পিএসসি) করেও সরকার সমালোচনার মুখে পড়েছে।
তেল-গ্যাসের দাম
ভর্তুকির পরিমাণ কমিয়ে আনতে গত ১২ মাসে সরকার মোট চার বার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। এক বছরে প্রতি লিটার ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম বেড়েছে ১৭ টাকা করে।
সর্বশেষ দাম বৃদ্ধির ঘোষণা আসে বৃহস্পতিবার রাতে। সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়, সব ধরনের জ্বালানি তেলের দাম প্রতি লিটারে আরো পাঁচ টাকা বেড়েছে। নতুন দাম কার্যকর হয় রাত ১২টা থেকেই।
নতুন মূল্যহার অনুযায়ী প্রতি লিটার ডিজেল ৬১ টাকা, কেরোসিন ৬১ টাকা, পেট্রোল ৯১ টাকা, অকটেন ৯৪ টাকা ও ফার্নেস অয়েল ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে এখন। গত বছরও প্রতি লিটার ডিজেল ৪৪ টাকা, কেরসিন ৪৪ টাকা, পেট্রোল ৭৪ টাকা, অকটেন ৭৭ টাকা এবং ফার্নেস অয়েল ৪০ টাকায় বিক্রি হয়েছে।
সরকারের ব্যাখ্যায় বলা হয়, গত এক বছরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর পাশাপাশি তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য চলতি অর্থবছরে অতিরিক্ত প্রায় ২০ লাখ টন জ্বালানি তেল আমদানি করতে হচ্ছে। ডলারের বিপরীতে টাকার মূল্যমানও কমেছে এই সময়ে।
“ফলে এই অর্থবছরে জ্বালানি তেল কেনায় সরকারের আর্থিক সংশ্লেষ ও লোকসান অনেক বৃদ্ধি পাবে। এ অবস্থায় জ্বালানি তেল আমদানি অব্যাহত রাখতে হলে এখাতে সরকারকে প্রচুর পরিমাণ ভর্তুকি দিতে হবে, যা সরকারের বর্তমান আয় থেকে সঙ্কুলান করা কষ্টসাধ্য।”
এর আগে একই কারণে ৫ মে, ১৮ সেপ্টেম্বর ও ১০ নভেম্বর তিন দফা বাড়ানো হয় জ্বালানি তেলের দাম। এছাড়া ১২ মে ও ১৯ সেপ্টেম্বর দুই দফায় রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দামও ১৩ টাকা বাড়ানো হয়েছে।
সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে প্রতি ঘনমিটার সিএনজি বিক্রি হচ্ছে ৩০ টাকায়, যা গত বছর ছিল ১৭ টাকা।
তেল-গ্যাসের দাম বৃদ্ধির ফলে স্বাভাবিকভাবেই গণপরিবহনের ভাড়া ও বাজার দরে প্রভাব পড়েছে বারবার। এর প্রতিবাদে গত ২২ সেপ্টেম্বর সকাল সন্ধ্যা হরতাল পালন করে বিএনপিসহ চার দল।
পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকের পর সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী গত অক্টোবরে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ানো হয় ৫ পয়সা। অটো রিকশার ভাড়া বাড়ানো হয় কিলোমিটারে ১৪ পয়সা হারে। আর দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটার ১ টাকা ১৫ পয়সার পরিবর্তে ১ টাকা ২০ পয়সা করা হয়।
ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বড় বাসের নতুন ভাড়া ধরা হয় প্রতি কিলোমিটার ১ টাকা ৬০ পয়সা, যা আগে ১ টাকা ৫৫ পয়সা ছিলো। মহানগরীর মিনিবাসের ভাড়া ১ টাকা ৪৫ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা করা হয়।
সিএনজি অটো রিকশার প্রথম দুই কিলোমিটারের নির্ধারিত ভাড়া ২৫ টাকা ঠিক রাখা হলেও এরপর প্রতি কিলোমিটারের ভাড়া ৭ টাকা ৫০ পয়সার পরিবর্তে ৭ টাকা ৬৪ পয়সা করা হয়। বিরতির জন্য প্রতি মিনিটের ভাড়া ১ টাকা ৩০ পয়সার বদলে ১ টাকা ৪০ পয়সা ঠিক করা হয়।
কনকো-ফিলিপসের সঙ্গে চুক্তি
বঙ্গোপসাগরের দুটি ব্লক থেকে তেল-গ্যাস উত্তোলনে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি কনকো-ফিলিপসের সঙ্গে গত ১৬ জুন উৎপাদন-বণ্টন চুক্তি করে সরকার। এর আওতায় বঙ্গোপসাগরের ১১ ও ১২ নম্বর ব্লকে ৫ হাজার ১৫৮ বর্গকিলোমিটার এলাকজুড়ে খনিজ অনুসন্ধান ও উত্তোলনের সুযোগ পাবে কনকো ফিলিপস।
তেল-গ্যাস খনিজ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি শুরু থেকেই এ চুক্তির বিরোধিতা করে আসছে। তাদের বক্তব্য, এ চুক্তির ফলে মডেল পিএসসি অনুযায়ী বাংলাদেশ ২০ শতাংশ গ্যাস পাবে। বাকি ৮০ শতাংশ গ্যাস নির্দিষ্ট দরে কিনে নিতে হবে। বাংলাদেশ ওই গ্যাস কিনতে না পারলে কনকো-ফিলিপস তা রপ্তানি করতে পারবে।
দেশে বর্তমানে দৈনিক ২৫০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহের পরিমাণ ২০০ কোটি ঘটফুট।
কয়লানীতি
ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম নির্বাচনী প্রতিশ্র“তি ছিল জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে কয়লানীতি প্রণয়ন। এর একটি খসড়াও করা হয়েছে। কিন্তু সরকারের তিন বছরের মাথায় এসেও তা চূড়ান্ত হয়নি।
নানা বির্তকের মাঝে কয়লা উত্তোলনের পদ্ধতি নির্ধারণে পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেনকে প্রধান করে গত ৮ সেপ্টেম্বর ১৫ সদস্যের একটি কমিটি করা হয়। কমিটিকে চার মাসের মধ্যে সুপারিশ জমা দিতে বলা হলেও গত ১২ অক্টোবর একটি সভা করা ছাড়া কাজের তেমন কোনো অগ্রগতি হয়নি।
খসড়া কয়লানীতি প্রণয়নের পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক বিভিন্ন সভা-সেমিনারে একাধিকবার বলেন, শিগগিরই চূড়ান্ত কয়লানীতি প্রকাশ করা হবে। কিন্তু বাস্তব রূপ পায়নি তাদের সে ঘোষণাও।
বাপেক্সের সীমিত সাফল্য
বিদায়ী বছর গ্যাস সঙ্কট নিরসনে বড় কোনো সুখবর পাওয়া না গেলেও ক্ষীণ আশার আলো দেখিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।
গত ০৪ ডিসেম্বর সেমুতাং গ্যাসক্ষেত্রের নতুন একটি কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু করে বাপেক্স। এ ক্ষেত্র থেকে প্রতিদিন ১৫ থেকে ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস চট্টগ্রামে সরবরাহ করা হচ্ছে। এছাড়া গত ১০ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার সালদা গ্যাসক্ষেত্রের তৃতীয় কূপ থেকেও দৈনিক আড়াই কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। এছাড়া সালদা-ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্রেরও উন্নয়ন চলছে।
এর বিপরীতে আন্তজার্তিক কোম্পানিগুলো এবার তেমন কোনো সাফল্য দেখাতে পারেনি। শেভরন বাংলাদেশ মৌলভীবাজার গ্যাস ক্ষেত্রে তিনটি উন্নয়ন কূপ খনন করলেও দুটিতে গ্যাস পায়নি। তৃতীয়টি থেকে গ্যাসপ্রাপ্তিও এখনো নিশ্চিত নয়।
সান্টোস বাংলাদেশ গত নভেম্বরে বঙ্গোপসাগরের ১৬ নম্বর ব্লকের ‘দক্ষিণ সাঙ্গু-৪’ কূপে খনন কাজ শুরু করলেও পানির চাপ বেড়ে যাওয়ায় কূপটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১২২৫ ঘ.
bdnews24