২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি তেলের দাম আবার বেড়েছে

প্রতি লিটারে ৫ টাকা দাম বৃদ্ধি নিয়ে এই বছরে চতুর্থবার বাড়লো জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং ডলারের বিপরীতে টাকার দাম কমে যাওয়াকে এ ক্ষেত্রে যুক্তি দেখিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2011, 05:29 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব ধরনের জ্বালানি তেলের দাম প্রতি লিটারে আরো পাঁচ টাকা বাড়িয়েছে সরকার। সরকার বলছে, এ নিয়ে এই বছরে চতুর্থ বার তেলের দাম বাড়ানো হলো। বৃহস্পতিবার সরকার তেলের দাম বাড়ানোর এই ঘোষণা দিয়ে তা রাত ১২টা থেকেই কার্যকর হচ্ছে বলে জানিয়েছে। নতুন মূল্যহার অনুযায়ী, দেশে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ৬১ টাকা, কেরোসিন ৬১ টাকা, অকটেন ৯৪ টাকা, পেট্রোল ৯১ টাকা ও ফার্নেস অয়েল ৬০ টাকা দরে বিক্রি হবে। এই বছরের ৫ মে, ১৮ সেপ্টেম্বর এবং ১০ নভেম্বর তিন দফায় জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। তেলের দামের সঙ্গে স্বাভাবিকভাবেই বাড়ে পরিবহণের ভাড়া। সরকার বলেছে, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং ডলারের বিপরীতে টাকার দাম কমে যাওয়ার ফল হিসেবে জ্বালানি খাতে সরকারের ভর্তুকি বেড়ে গেছে। তাই দাম বাড়ানোর এই সিদ্ধান্ত। দাম বাড়ানোর ঘোষণা দিয়ে সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়, গত এক বছরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর পাশাপাশি তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য চলতি অর্থবছরে অতিরিক্ত প্রায় ২০ লাখ টন জ্বালানি তেল আমদানি করতে হচ্ছে। এছাড়া মার্কিন ডলারের বিপরীতে টাকার মূল্যমানও কমেছে। “ফলে এই অর্থবছরে জ্বালানি তেল কেনায় সরকারের আর্থিক সংশ্লেষ ও লোকসান অনেক বৃদ্ধি পাবে। এ অবস্থায় জ্বালানি তেল আমদানি অব্যাহত রাখতে হলে এখাতে সরকারকে প্রচুর পরিমাণ ভর্তুকি দিতে হবে, যা সরকারের বর্তমান আয় থেকে সঙ্কুলান করা কষ্টসাধ্য,” বলছে সরকার। তেলের দাম না বাড়ালে উন্নয়ন ব্যয় কমাতে হতো এবং ব্যাংকিং খাতে সরকারের ঋণ গ্রহণ বাড়তো বলে জানায় সরকার। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির ক্ষেত্রে ডিজেলের উদাহরণ দিয়ে সরকার বলছে, ২০০৯ সালের জানুয়ারি মাসে আন্তর্জাতিক বাজারে ডিজেলের দাম ছিলো প্রতি ব্যারেল ৫১ দশমিক ৫২ মার্কিন ডলার, গত ২৮ ডিসেম্বর তা ১২০ দশমিক ২৪ ডলারে দাঁড়িয়েছে। একই ভাবে অন্যান্য জ্বালানিরও দাম বাড়ার কথা তুলে ধরেছে সরকার। সরকার বলেছে, সর্বশেষ দাম বাড়ানোর পরও ডিজেল, কেরোসিন ও ফার্নেস অয়েল বিক্রিতে সরকারকে প্রতি লিটারে যথাক্রমে ১৬ টাকা ৩৪ পয়সা, ১৪ টাকা ৮৪ পয়সা ও ৪ টাকা ৯৫ পয়সা ভর্তুকি দিতে হবে। সরকারি তথ্য অনুযায়ী, গত অর্থবছরে (২০১০-১১) জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের লোকসান হয়েছে ৮ হাজার ১৯৮ কোটি টাকা। তেলের দাম লিটার প্রতি ৫ টাকা হারে বাড়ানোর পরও চলতি অর্থবছরে এই খাতে প্রায় ১০ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/০০০৫ ঘ.