২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিকমে ৩ বছরে রাজস্ব ১২ হাজার কোটি টাকা

টেলিকম খাতের প্রসারের চিত্র তুলে ধরে বিটিআরসি জানিয়েছে, গত তিন বছর এই খাতে যে পরিমাণ রাজস্ব এসেছে, তা আগের আট বছরের তিন গুণ। শামীম আহমেদের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2011, 01:57 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত তিন বছরে টেলিকম খাতে ১২ হাজার ১৯০ কোটি ৪১ লাখ টাকা রাজস্ব আদায় করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর মধ্যে ২০১১ সালে বিভিন্ন সেবার জন্য তরঙ্গ বরাদ্দ ও লাইসেন্স নবায়নের মাধ্যমে ৬ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান জিয়া আহমেদ। বর্তমান সরকারের তিন বছরে টেলিকম খাতের অর্জন নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি এ তথ্য জানান। বিটিআরসি কর্মকর্তারা জানান, ২০০২-০৮ সালে এ খাতে আয় ছিলো ৪ হাজার ৮৮১ কোটি ২৬ লাখ টাকা। চারটি মোবাইল অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও সিটিসেল-এর কাছ থেকে টু-জি লাইসেন্স নবায়ন ও তরঙ্গ বরাদ্দ বাবদ ৩ হাজার ১৮৪ কোটি টাকা আদায় হয়েছে জানিয়ে জিয়া আহমেদ বলেন, আগামীতে লাইসেন্স নবায়ন বাবদ ৪ হাজার ৮৯ কোটি ৫০ লাখ টাকা পাওয়া যাবে। গত নভেম্বরে চারটি মোবাইল অপারেটর লাইসেন্স মেয়াদ ১৫ বছর পূর্ণ হওয়ায় তাদের লাইসেন্স নবায়ন ও তরঙ্গ বরাদ্দের ৪৯ শতাংশ ফি বাবদ ৩ হাজার ১৮৪ কোটি টাকা দেয়। এছাড়া আগামী বছরে তৃতীয় প্রজন্মের মোবাইল সার্ভিস (থ্রিজি) লাইসেন্স থেকে আনুমানিক ৮ হাজার কোটি টাকা রাজস্ব পাওয়া যাবে বলে জানান কমিশন চেয়ারম্যান। বর্তমানে থ্রিজি লাইসেন্স নীতিমালা তৈরিতে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। আগামী বছর জুন মাসের পর থ্রিজি লাইসেন্স উন্ম§ুক্ত নিলামে হওয়ার কথা রয়েছে। বেড়েছে টেলিফোন ও ইন্টারন্টে গ্রাহক সংখ্যা টেলিফোনের গ্রাহক ৩ কোটি ৬৫ লাখ থেকে গত তিন বছরে বেড়ে বর্তমানে ৮ কোটি ২৫ লাখে দাঁড়িয়েছে বলে জানান বিটিআরসি চেয়ারম্যান। ইন্টারনেট গ্রাহক সংখ্যা বর্তমানে ২ কোটি ৫০ লাখ। গত তিন বছরে এ সংখ্যা বেড়েছে ২ কোটি ১০ লাখ। মোবাইল ফোন ও অন্যান্য সার্ভিসের মাধ্যমে এই সংখ্যা বাড়ছে বলে জানান জিয়া আহমেদ। নেটওয়ার্কের আওতায় ৯৯ শতাংশ এলাকা দেশের শতকরা ১০০ ভাগ মানুষ এবং ৯৯ শতাংশ এলাকা গত তিন বছরে টেলিকম নেটওয়ার্কের আওতায় এসেছে জানিয়ে কমিশনের চেয়ারম্যান বলেন, সমগ্র বাংলাদেশের জনগণ এখন মোবাইল নেটওয়ার্কের আওতায়। স্যাটেলাইট উৎক্ষেপন বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য পরামর্শক প্রতিষ্ঠান প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে জানিয়ে জিয়া আহমেদ বলেন, স্যাটেলাইট উৎক্ষেপণ বিষয়ক প্রকল্পের আর্থিক অনুমোদন গৃহীত হয়েছে। স্যাটেলাইটের নাম চূড়ান্ত করা হয়েছে ‘বঙ্গবন্ধু -১’। অপারেটরদের নিরীক্ষা কার্যক্রম শুরু ২০১১ সালে স্থাপনা পরিদর্শন ও বিশেষ অডিট করার জন্য প্যানেল সিএ ফার্ম নিয়োগের মাধ্যমে ইতোমধ্যে গ্রামীণফোন লিমিটেডের অডিট সম্পন্ন হয়েছে জানিয়ে জিয়া আহমেদ বলেন, এ বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। গ্রামীণফোনের কাছ থেকে ৩ হাজার কোটি টাকার বেশি রাজস্ব পাওয়া যাবে বলে বিটিআরসি মনে করছে। বর্তমানে বাংলালিংকের অডিট কার্যক্রম চলছে বলে জানান কমিশনের চেয়ারম্যান। আদালতে গড়িয়েছে টুজি লাইসেন্স নবায়ন গত নভেম্বরে চারটি মোবাইল অপারেটর লাইসেন্সের মেয়াদ ১৫ বছর পূর্ণ হওয়ায় তাদের লাইসেন্স নবায়ন ও তরাঙ্গ বরাদ্দের ৪৯ শতাংশ ফি বাবদ ৩ হাজার ১৮৪ কোটি টাকা দেয়। তবে এ সময় তারা ১৫ শতাংশ ভ্যাটের অংশ বাদ দিয়ে বিটিআরসিতে টাকা জমা দেয়। এই টাকা বিটিআরসি না জাতীয় রাজস্ব বোর্ডকে দিতে হবে তা নিয়ে বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। লাইসেন্স নবায়নের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে কমিশনের চেয়ারম্যন বলেন, আদালতের সিদ্ধান্তের পরপরই লাইসেন্স নবায়ন চূড়ান্ত করা হবে। ৫১৫ নতুন লাইসেন্স প্রদান গত তিন বছরে টেলিকম খাতে বিভিন্ন ধরনের মোট ৫১৫টি লাইসেন্স দেওয়া হয়েছে। বর্তমানে বিভিন্ন ধরনের লাইসেন্সের সংখ্যা ৮২১টি। এর মধ্যে কিছু লাইসেন্স বাতিলও করা হয়েছে বলে জানান কমিশনের চেয়ারম্যান জিয়া আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৯৫১ ঘ.