ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- “বিশা বালীকে তারা একটি নারকেল গাছের সাথে বেঁধে পেটাতে থাকে। তখন দেলোয়ার শিকদার বর্তমান সাঈদী উর্দুতে কিছু বলার পরে এক রাজাকার তাকে গুলি করে।”
যুদ্ধাপরাধের অভিযোগে বিচারাধীন জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধের বর্ণনা দিতে গিয়ে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ কথা বলেন মামলার পঞ্চম সাক্ষী মো. মাহাতাব উদ্দিন হাওলাদার।
তিনি ঘটনাস্থলের পাশে একটি জঙ্গলে লুকিয়ে ছিলেন বলে আদালতকে জানান মাহাতাব।
মুক্তিযুদ্ধ চলাকালীন মাহাতাব পিরোজপুর জেলার পাড়ের হাট ইউনিয়নের টেংরাখালি গ্রামে থাকতেন। স্কুলে পড়ার সুবাদে তার সব সময়ই পাড়ের হাটে আসতে হতো বলে তিনি আদালতকে জানান।
জবানবন্দি শেষে তাকে জেরা করেন সাঈদীর আইনজীবী মিজানুর ইসলাম এবং মঞ্জুর আহমেদ আনসারী। এরপর জবানবন্দি দেন মামলার ষষ্ঠ সাক্ষী মানিক পশারী।
বুধবার মানিক পশারীকে জেরা করবেন মিজানুর ইসলাম।
৫৫ বছর বয়সী মাহাতাব আদালতে বলেন, “১৯৭১ সালের ২ জুন পাকবাহিনীর সঙ্গে শান্তি কমিটির সদস্য দেলোয়ার শিকদার, দানেশ আলী মোল্লা, মাওলানা মোসলেম উদ্দিনকে সশস্ত্র রাজাকারদের নিয়ে উমেদপুরের হিন্দু পাড়ায় ঢুকতে দেখি। তারা অনীল মণ্ডল, ললীতা বালী, হরেন্দ্র নাথ চক্রবর্তী, মুকেশ চক্রবর্তী, স্বতীশ বালা, চিত্ত তালুকদারের বাড়িসহ হিন্দু পাড়ার প্রায় ২০/২২টি বাড়িতে অগ্নি সংযোগ করে।”
মাহাতাব বলেন,“জুনের মাঝামাঝি পাড়ের হাট বাজারের মদন শাহার ঘর তৈয়ব আলী মিস্ত্রীকে দিয়ে ভাঙ্গিয়ে নিজের শ্বশুড় বাড়ি নিয়ে যায় দেলোয়ার হোসেন শিকদার বর্তমান সাঈদী।”
পাড়ের হাট এলাকায় সেকেন্দার শিকদার, দানেশ আলী মোল্লা, দেলোয়ার হোসেন শিকদারের নেতৃত্বে শান্তি কমিটি এবং এর ২/৩ দিনের মধ্যে রাজাকার বাহিনী গঠন হয় বলে আদালতকে বলেন তিনি।
জবানবন্দি শেষ হলে মাহাতাবকে জেরা করেন সাঈদীর আইনজীবী মিজানুর ইসলাম।
প্রথমেই তাকে প্রশ্ন করা হয়, এলাকার সব রাজাকার বাহিনীর সদস্য তার পরিচিত কি না।
জবাবে তিনি বলেন, “অনেককেই চিনি।”
এরপর তাকে তৎকালীন পূর্ব-পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) রাজাকার এবং শান্তি বাহিনী গঠনের দিন তারিখ জানেন কি না জিজ্ঞেস করা হয়।
তিনি বলেন, “জানি না।”
এ সময় তাকে প্রশ্ন করা হয়, মাহাতাব কাঠ চুরি করেছেন বলে তার বাবার কাছে টেংরাখালী গ্রামের শাহাদৎ হোসেন অভিযোগ করেছিলেন কি না।
জবাবে মাহাতাব বলেন, “এটি মিথ্যা কথা।”
পরে আইনজীবীদের এ ধরনের ব্যাক্তিগত প্রশ্ন করা থেকে বিরত থাকতে পরামর্শ দিয়ে আদালত বলে, “তথ্য প্রমাণ ছাড়া এ ধরনের অভিযোগ বা প্রশ্ন সাক্ষীকে করা যাবে না।”
জেরার এক পর্যায়ে মাহাতাব ট্রাইব্যুনালকে জানান, তিনি বর্তমানে পাড়ের হাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তার ছেলে আবু বকর সিদ্দীক লাভলু জিয়া নগর ছাত্রলীগের বর্তমান সভাপতি।
তিনি বলেন, “ট্রাইব্যুনালে জবানবন্দি দেওয়ার আগে ২০০৮ সালে পিরোজপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং ২০১০ এ মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে জবানবন্দি দিয়েছি।”
তিনি বলেন, “মুক্তিযুদ্ধের সময়ে দেলোয়ার হোসেন সাঈদীর নাম ‘সাঈদী’ ছিলো এটা সত্য নয়- তার নাম ছিলো দেলোয়ার হোসেন শিকদার। আমি তাকে ১৯৭০ সাল থেকে চিনি। সে পাড়ের হাট বাজারের পাশে রাস্তায় তেল লবণ বিক্রি করতো।”
পরে সাঈদীর আরেক আইনজীবী মঞ্জুর আহমেদ আনসারীর এক প্রশ্নের জবাবে মাহাতাব বলেন, “আমি আদালতে সব সত্যি কথা বলেছি। আমি আওয়ামী লীগের স্থানীয় নেতা হওয়ায় স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে সরকারী সুযোগ-সুবিধা লাভের আশায় সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছি একথা সম্পূর্ণভাবে মিথ্যা।”
মুক্তিযুদ্ধ চলাকালীন পিরোজপুরের পাকের হাট এলাকায় নিহত ইব্রাহিম কুট্টিকে হত্যার চাক্ষুষ বর্ণনা দেন মামলার ষষ্ঠ সাক্ষী মানিক পশারী।
তিনি আদালতে বলেন, “পাকিস্তানী সেনারা দেলোয়ার হোসেন শিকদারের পরামর্শে ইব্রাহিম কুট্টিকে গুলি করে। এসময় কুট্টি আর্তনাদ করে ওঠে। পরে তার লাশ নদীতে ফেলে দেওয়া হয়।”
বিরতির পরে দুপুরে ট্রাইব্যুনালের কার্যক্রম পুনরায় শুরু হলে ৬৫ বছর বয়সী পশারী আদালতকে বলেন, “১৯৭১ সালের ৮ মে পাড়ের হাট বন্দর থেকে পাকিস্তানী সেনাবাহিনীর সঙ্গে দেলোয়ার শিকদার বর্তমানে সাঈদী, সেকেন্দার শিকদার, দানেশ আলী মোল্লাসহ অন্যান্য রাজাকার বাহিনীর সদস্যরা আমার বাড়িতে প্রবেশ করে। এ সময় আমি এবং আমার ভাইয়েরা বাড়ি থেকে পালিয়ে পাশের একটি জঙ্গলে লুকিয়ে দেখতে থাকি।”
পশারী বলেন, “রাজাকার এবং পাক সেনাবাহিনী বাড়িতে ঢুকে আমার ফুফাতো ভাই এবং ইব্রাহিম কুট্টিকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। তারা ঘরের ধান-চাল, টাকা-পয়সা এবং সোনা দানা লুট করে ভাগাভাগি করে নেয়। এরপর দেলোয়ার শিকদারের, বর্তমানে সাঈদী, নেতৃত্বে কেরোসিন ছিটিয়ে বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দেয়।”
তিনি বলেন, “এরপর তারা মফিজ এবং কুট্টিকে দড়িতে বেঁধে নিয়ে পাড়ের হাটের সেনা ক্যাম্পের দিকে রওনা হয়। আমি গোপনে তাদের পিছু নিয়ে এগুতে থাকি। দূর থেকে আমি দেখতে পাই, পাড়ের হাটের ব্রিজের গোড়ার কাছে দেলোয়ার শিকদার এবং দানেশ মোল্লা পাক সেনাদের সঙ্গে পরামর্শ করছে।
“এর কিছু সময় পরে পাক সেনারা দেলোয়ার শিকদারের পরামর্শে কুট্টিকে গুলি করে এবং কুট্টি চিৎকার করে ওঠে। পরে তার লাশ নদীতে ফেলে দেওয়া হয়। তারা মফিজকে নিয়ে ক্যাম্পের দিকে চলে যায়।”
পশারী বলেন, “সেদিন রাত দেড়টা-২টার দিকে মফিজ পালিয়ে বাড়ি ফিরে আসে। তার সমস্ত শরীরে রক্ত এবং পেটানোর দাগ দেখতে পাই।”
এ সময় তাকে দেলোয়ার হোসেন শিকদারকে চেনেন কি না এমন প্রশ্ন করা হলে তিনি সাঈদীর কাঠগড়ার দিকে হাত তুলে দেখিয়ে বলেন, “ওই যে। তাকে আমি ভালোভাবেই চিনি। সে আগে ফুটপাতে দোকানদারি করত।”
পশারীর জবানবন্দি শেষ হলে তাকে জেরা শুরু করেন সাঈদীর আইনজীবী মিজানুর ইসলাম। তবে আদালতের সময় শেষ হয়ে যাওয়ায় আগামী বুধবার তার জেরা চলবে।
একাত্তরে তিন হাজারেরও বেশি নিরস্ত্র ব্যক্তিকে হত্যা বা হত্যায় সহযোগিতা, নয় জনেরও বেশি নারীকে ধর্ষণ, বিভিন্ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর এবং একশ থেকে দেড়শ হিন্দুকে ধর্মান্তরে বাধ্য করার অভিযোগ রয়েছে সাঈদীর বিরুদ্ধে, যাকে একাত্তরে তার এলাকার লোকজন ‘দেইল্লা রাজাকার’ নামে চিনত।
মানবতাবিরোধী ২০টি অপরাধে গত ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে জামায়াতের এই নায়েবে আমীরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে হত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় সাবেক সংসদ সদস্য সাঈদীকে। চলতি বছর ১৪ই জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
সাঈদী ছাড়াও জামায়াতের চার শীর্ষ নেতা যুদ্ধাপরাধের অভিযোগে আটক রয়েছেন। তারা হলেন- দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা।
এ ছাড়া দুই বিএনপি নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে যুদ্ধাপরাধের অভিযোগে। তাদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আটক থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/পিডি/২০২৩ ঘ.
bdnews24