২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলায় আটকে আছে এনবিআরের ২০ হাজার কোটি টাকা

মামলার কারণে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রায় ২০ হাজার কোটি টাকা আটকে আছে জানিয়ে চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ বলেছেন, এর নিস্পত্তিতে আগামী ফেব্রুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে বিকল্প বিরোধ-নিস্পত্তি (এডিআর) পদ্ধতি চালু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2011, 11:16 AM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মামলার কারণে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রায় ২০ হাজার কোটি টাকা আটকে আছে জানিয়ে চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ বলেছেন, এর নিস্পত্তিতে আগামী ফেব্রুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে বিকল্প বিরোধ-নিস্পত্তি (এডিআর) পদ্ধতি চালু হবে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আয়কর, ভ্যাট (মূল্য সংযোজন কর) ও শুল্ক সংক্রান্ত প্রায় ২৫ হাজার মামলা ঝুলে আছে। এ সব মামলার কারণে ২০ হাজার কোটি টাকার মতো আটকে আছে।” এসব মামলার নিস্পত্তি হলে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আদায় হবে জানিয়ে নাসিরউদ্দিন বলেন, “দীর্ঘদিন ধরে মামলাগুলো চলছে, নিস্পত্তি হচ্ছে না। সমঝোতার মাধ্যমে মামলাগুলো নিস্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে।” এই সংবাদ সম্মেলনে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসের (জুলাই-নভেম্বর) রাজস্ব আদায়ের চিত্র তুলে ধরেন তিনি। রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ১৭ শতাংশ এনবিআর চেয়ারম্যান জানান, চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে গত অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ৯০ শতাংশ। এ সময়ে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি এসেছে আয়কর খাতে, ২৫ দশমিক ২৬ শতাংশ। জুলাই-নভেম্বর সময়ে ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ৬১ শতাংশ। আর আমদানি ও রপ্তানি পর্যায়ে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৩৭ শতাংশ। এছাড়া অন্যান্য কর ও শুল্ক খাতে রাজস্ব আদায়ের পরিমাণ ৪৪ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে বলে জানান নাসিরউদ্দিন। সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারের রাজস্ব আদায় বাড়াতে নতুন বছরের প্রথম দিন থেকেই নিবিড় পরিবীক্ষণ কার্যক্রম চালু করা হবে। ইতোমধ্যে এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে। ৩০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক এনবিআর চেয়ারম্যান জানান, কর প্রশাসনকে স্বয়ংক্রিয় (অটোমেশন) পদ্ধতিতে আনতে বিশ্বব্যাংক ৩০ কোটি ডলার সুদবিহীন ঋণ দেবে। জানুয়ারি মাসে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল ঢাকায় আসবে। তখন এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। “মার্চ মাসের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ড সভায় এ ঋণ অনুমোদন পাবে বলে আমরা আশা করছি। চলতি অর্থবছরের মধ্যেই এ ঋণ পাওয়া যাবে”, বলেন তিনি। মার্চে ই-পেমেন্ট সিস্টেম সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী বছরের মার্চ থেকে ই-পেমেন্ট পদ্ধতি চালু করবে এনবিআর। এ পদ্ধতিতে করদাতারা অনলাইনেই কর দেওয়ার আনুসঙ্গিক কাজ সম্পন্ন করতে পারবেন। নাসিরউদ্দিন বলেন, “এর ফলে একদিকে কর দেওয়ার ক্ষেত্রে ঝামেলা কমবে, অন্যদিকে রাজস্ব আদায়ের পরিমাণও বাড়বে।” ভ্যাটের হার কমানো হবে কি না জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কোনো চিন্তা এনবিআরের নেই। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো মতামত থাকলে সাংবাদিকদের তা জানাতে অনুরোধ করেন তিনি। কর প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এনবিআরে শিগগিরই ‘ইনটিগ্রিটি ইউনিট’ স্থাপন করা হবে জানিয়ে চেয়ারম্যান বলেন, “দেশের মানুষকে আমরা ঠিকমতো সেবা দিতে পারছি কিনা- সে ব্যাপারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এই ইউনিটের মাধ্যমে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১৭১৩ ঘ.