ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথমবারের মতো ‘ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট’ প্রকাশ করে বিশ্ব অর্থনীতির অস্থিরতার প্রভাব মোকাবেলায় ব্যাংকগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সোমবার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকে দেশের সব রাষ্ট্রায়ত্ত, বেসরকারি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের উপস্থিতিতে এ প্রতিবেদন প্রকাশ করেন গভর্নর আতিউর রহমান।
২০১০ সালের এ প্রতিবেদনে বাংলাদেশের আর্থিক ব্যবস্থায় মূল ধারাগুলো এবং আর্থিক স্থিতিশীলতায় সেগুলোর প্রভাব সম্পর্কিত মূল্যায়ন তুলে ধরা হলেও চলতি বছরের চিত্রও এতে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক এস কে সুর চৌধুরী।
তিনি সাংবাদিকদের বলেন, “প্রকাশিত রিপোর্ট ২০১০ সালের হলেও চলতি বছরের (২০১১) চিত্র তুলে ধরা হয়েছে। এখন থেকে প্রতিবছর কেন্দ্রীয় ব্যাংক এই রিপোর্ট প্রকাশ করবে।”
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বায়নের প্রভাব আর্থিক ব্যবস্থাকে বেশ জটিল করে তুলেছে। বর্তমান আন্তঃসম্পর্কিত বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় বিশ্ববাজারের যে কোনো অস্থিরতা বাংলাদেশের আর্থিক ব্যবস্থাতেও যে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে, তা অস্বীকার করার উপায় নেই।
এস কে সুর বলেন, “আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা কেন্দ্রীয় ব্যাংকের একটি অন্যতম দায়িত্ব। আমাদের আর্থিক ব্যবস্থার ওপর বৈশ্বিক মন্দার প্রভাব মোকাবেলার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক এবং সরকার সমন্বিতভাবে অতীতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেও নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে।”
প্রতিবেদনে বলা হয়েছে, আর্থিক অস্থিশীলতা সামষ্টিক অর্থনৈতিক লক্ষ্যমাত্রা, যেমন- টেকসই প্রবৃদ্ধি ও মূল্যস্তরের স্থিতিশীলতা অর্জনের ক্ষেত্রে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। এ কারণে, আর্থিক স্থিতিশীলতা এবং আর্থিক বাজারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সুষ্ঠু কার্যক্রমে ঝুঁকি সৃষ্টি করতে পারে এরূপ কাঠামোগত ও সামষ্টিক অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তনগুলো তদারক করার ওপর বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক এবং সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।
বাংলাদেশ ব্যাংক দেশের আর্থিক স্থিতিশীলতা অর্জনে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে থাকে। আর্থিক ব্যবস্থার সুষ্ঠু কার্যক্রম নিশ্চিত করতে হলে সমগ্র আর্থিক ব্যবস্থায় হুমকি এবং ঝুঁকি সৃষ্টি করতে পারে এমন বিষয়গুলো মূল্যায়ন করা প্রয়োজন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়, আর্থিক স্থিতিশীলতা হচ্ছে সামষ্টিক অর্থনৈতিক নীতিমালার যথাযথ ও কার্যকর বাস্তবায়নের ফসল। বর্তমান অর্থনৈতিক নীতিমালার কার্যকর বাস্তবায়ন এবং গতিশীল পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে সম্ভাব্য ঝুঁকির সঙ্গে খাপ খাওয়ানো হলে আর্থিক স্থিতিশীলতা জোরদার হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/২২৪৪ ঘ.
bdnews24