ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সব রাষ্ট্রায়ত্ত, বেসরকারি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে সোমবার বৈঠক করবেন গভর্নর আতিউর রহমান।
‘ব্যাংকার্স সভা’ নামের ওই বৈঠকে ব্যাংকগুলোর নতুন বছরের (২০১২ সাল) করণীয় নিয়ে আলোচনা হবে বলে কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক (গভর্নর, সচিবালয়) এএফএম আসাদুজ্জামান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
এছাড়া দেশের আর্থিক ও ব্যাংকিং ব্যবস্থার সর্বশেষ অবস্থা, ব্যাংকগুলোর সিএসআর (সামাজিক দায়বদ্ধতা) কার্যক্রম, কৃষি ও এসএমই ঋণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, এলসি (ঋণপত্র), গ্রহক সেবার মান বৃদ্ধি নিয়েও বৈঠকে আলোচনা হবে বলে জানান তিনি।
সোমবার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের সম্মেলন কক্ষে দুপুর ২টা ৩০ মিনিটে বৈঠকটি হবে।
সভায় বেসরকারি ব্যাংকগুলোর শহর ও পল্লী শাখার নীতিমালা বাস্তবায়ন নিয়েও আলোচনা হবে বলে জানান আসাদুজ্জামান।
কোনো বেসরকারি ব্যাংক শহরে একটি শাখা খুললে গ্রামেও অন্তত একটি শাখা খোলার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
গত ২২ ডিসেম্বর এ সংক্রান্ত একটি নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক।
নীতিমালায় বলা হয়, এখন থেকে কোনো বেসরকারি ব্যাংক শহরে একটি শাখা খুললে গ্রামেও অন্তত একটি শাখা খুলতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এআরএইচ/পিডি/২০০৬ ঘ.
bdnews24