ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি খাতে তিনটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য চুক্তিতে অনুস্বাক্ষর করেছে সরকার, যেসব কেন্দ্র থেকে এক হাজার ৮৮ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রিডে।
এছাড়া সৌরশক্তি চালিত ১৮ মেগাওয়াটের আরেকটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্যও চুক্তি হয়েছে মঙ্গলবার।
বড়পুকুরিয়ায় ২৫০ মেগাওয়াট ক্ষমতার একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থাকলেও এ জ্বালানি ব্যবহার করে ব্যাপক মাত্রায় বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ এবারই প্রথম। আর ময়মনসিংহের ফুলপুরের সৌরশক্তিভিত্তিক কেন্দ্রটিই এ উপমহাদেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র হবে বলে জানিয়েছে সরকার।
দেশে বর্তমানে ৭ হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে দৈনিক বিদ্যুতের গড় উৎপাদন ৫ হাজার মেগাওয়াটের কিছু বেশি।
কয়লাভিত্তিক কেন্দ্রগুলোর মধ্যে ৫২২ মেগাওয়াটের একটি হবে মুন্সীগঞ্জের মাওয়ায়। এছাড়া খুলনার লবণচোরায় এবং চট্টগ্রামের আনোয়ারায় ২৮৩ মেগাওয়াট ক্ষমতার দুটি কেন্দ্র হবে।
এসব কেন্দ্র স্থাপনে রাজধানীর আব্দুল গণি সড়কে বিদ্যুৎ ভবনে ওরিয়ন গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষে সচিব মো. আজিজুল ইসলাম চুক্তিতে অনুস্বাক্ষর করেন।
শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
মাওয়ার কেন্দ্রটি উৎপাদনে যাবে চুক্তি স্বাক্ষরের ৪৫ মাসের মধ্যে। আর ৩৬ মাসের মধ্যে লবণচোরা ও আনোয়ারার কেন্দ্র দুটি নির্মাণ করা হবে।
সরকার মাওয়ার কেন্দ্রটি থেকে চার টাকায় এবং লবণচোরা ও আনোয়ার কেন্দ্র থেকে তিন টাকা ৮০ পয়সা দরে বিদ্যুৎ কিনবে।
এছাড়া ফুলপুরের সৌরশক্তিভিত্তিক ১৮ মেগাওয়াটের কেন্দ্রটি নির্মাণ করবে সোলারিয়াম পাওয়ার লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। এর নির্মাণ সময় ধরা হয়েছে ২৪ মাস। এ কেন্দ্র থেকে সাড়ে পাঁচ টাকায় বিদ্যুৎ কিনবে সরকার।
সোলারিয়াম পাওয়ার লিমিটেড পক্ষে ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আবেদিন এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষে সচিব মো. আজিজুল ইসলাম এ কেন্দ্র স্থাপনের চুক্তিতে সই করেন।
অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এ এস এম আলমগীর কবীর, ওরিয়ন গ্র“পের চেয়ারম্যান ওবায়দুল করিম এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, “কয়লাকে মূল জ্বালানি ধরে আগামী ২০১৪ সালের পর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য বেসরকারি খাতে এ কেন্দ্রগুলো নির্মাণ করা হবে।”
উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলোই এসব কেন্দ্রের জন্য কয়লা আমদানি করবে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, “বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি সংকটের কথা বিবেচনা করে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা অনুযায়ী সৌরশক্তি নির্ভর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হচ্ছে। ১৮ মেগাওয়াটের এ কেন্দ্রটিই হবে এ উপমহাদেশের সৌরশক্তি নির্ভর সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্র।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওরিয়ন গ্র“পের চেয়ারম্যান ওবায়দুল করিম জানান, তিনটি কেন্দ্র নির্মাণে ব্যয় ধরা হয়েছে এক দশমিক চার বিলিয়ন ডলার।
সোলারিয়াম পাওয়ার লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আবেদিন বলেন, সৌরশক্তি নির্ভর কেন্দ্রটি স্থাপনে ২৩৫ কোটি টাকা ব্যয় হবে।
বর্তমানে দেশে পাঁচ ধরনের জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। এর মধ্যে ৮২ শতাংশ গ্যাস, ফার্নেস অয়েল থেকে পাঁচ শতাংশ, ডিজেলে সাত শতাংশ, পানি ও কয়লায় তিন শতাংশ করে ব্যবহার হচ্ছে।
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ২০১৬ সালের মধ্যে উৎপাদন প্রায় ১৫ হাজার মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা নেয়।
এ পরিকল্পনা অনুযায়ী এ পর্যন্ত ৪৯টি বিদ্যুুৎ কেন্দ্র নির্মাণে চুক্তি হয়েছে। এর মধ্যে ১৭টি দ্রুত ভাড়াভিত্তিক, তিনটি ভাড়াভিত্তিক, ১০টি আইপিপি (ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার) এবং ১৮টি সরকারি।
এর অংশ হিসেবে গত প্রায় তিন বছরে ২ হাজার ৪০৬ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়েছে। এর মধ্যে রয়েছে এ সরকারের আমলে নির্মিত ২০টি কেন্দ্র থেকে ১৫৮১ মেগাওয়াট এবং বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে চুক্তি করা বিদ্যুৎ কেন্দ্র থেকে ৮২৫ মেগাওয়াট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১৪৪২ ঘ.
bdnews24