চট্টগ্রাম, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) বাসা ভাড়া বৃদ্ধি নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে ১০টি উপ-কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সাংসদ এম এ লতিফ।
বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।
লতিফ বলেন, এক সপ্তাহের মধ্যে ইপিজেড সংলগ্ন ৩৭, ৩৮, ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ডে মোট ১০টি উপ- কমিটি গঠন করা হবে। এসব উপ-কমিটি বর্তমান বাসা ভাড়া বিষয়ে জরিপ চালাবে এবং এ সংক্রান্ত অভিযোগ কমিটিকে জানাবে।
ভাড়াটিয়া, মালিকপক্ষ, পুলিশ প্রশাসন, বেপজা ও স্থানীয় জনপ্রতিনিধিসহ সবার মধ্যে সমন্বয়ের মাধ্যমে উভয় পক্ষের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে কমিটি কাজ করবে জানিয়ে তিনি বলেন, বাসা ভাড়া সংক্রান্ত নীতিমালা ও দিক নির্দেশনা চেয়ে সরকারের কাছে চিঠি লেখা হবে।
বাসা ভাড়া বৃদ্ধি নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানে চট্টগ্রাম সিটি মেয়র, মহানগর পুলিশ কমিশনার, সিইপিজেড মহাব্যবস্থাপক এবং চট্টগ্রাম চেম্বার, বিজিএমইএ ও শ্রমিক-কর্মচারীদের প্রতিনিধি সমন্বয়ে স্থানীয় সাংসদ এম এ লতিফের নেতৃত্বে ৯১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠিত হয় বুধবার।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলম, মহানগর পুলিশের কমিশনার আবুল কাশেম, সিইপিজেডের মহাব্যবস্থাপক আবদুর রশিদ, চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম, বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, শ্রমিক কর্মচারীদের পক্ষে মো. আশরাফ উদ্দিন ও বাড়ির মালিকদের প্রতিনিধি জালাল আহম্মদ।
মঙ্গলবার ইপিজেড এলাকায় প্রচারপত্র বিলি করে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ‘নির্যাতিত শ্রমিকরা’ বৃহস্পতিবার সকাল ৭টায় সিইপিজেড মোড়ে অবরোধ ও সব শিল্প প্রতিষ্ঠানে কাজ বন্ধ রাখার কর্মসূচি ঘোষণা করলেও তা পালিত হয়নি।
বৃহস্পতিবার ভোর থেকে সংলগ্ন এলাকায় প্রায় এক হাজার পুলিশ মোতায়েন ছিল।
গত শুক্রবার বাসা ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ইপিজেড সংলগ্ন লেবার কলোনী মাঠে সমাবেশ আহ্বান করলেও পুলিশের বাধার কারণে তা করতে পারেনি শ্রমিকরা। পরে বিকাল ৩টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ইপিজেড মোড়ে সড়ক অবরোধ করে তারা।
এসময় ইপিজেড মোড় ও কলসী দীঘি পাড় এলাকায় কিছু ভাংচুরের ঘটনা ঘটে। ওই রাতে পুলিশের আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেয় সাধারণ শ্রমিকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/আরআরডি/পিডি/২১৩৫ ঘ.
bdnews24