আবদুর রহিম হারমাছি
প্রধান অর্থনৈতিক প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে সরকারের ব্যাংক ঋণ বছরের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও এ সপ্তাহে এসে ঋণের পরিমাণ কমেছে।
লাইসেন্স নবায়ন ফি বাবদ মোবাইল অপারেটরদের কাছ থেকে অর্থ পাওয়ায় ঋণের পরিমাণ কমেছে বলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন।
চলতি অর্থবছরের ৫ ডিসেম্বর ব্যাংক থেকে সরকারের ঋণ ২২ হাজার কোটি টাকা ছাড়িয়েছিলো। ১৩ ডিসেম্বর তা কমে ১৬ হাজার ৬১৮ কোটি টাকায় নেমে এসেছে।
গত বছরের এ সময় পর্যন্ত ব্যাংক থেকে ২ হাজার ৩০২ কোটি টাকা ঋণ নিয়েছিলো সরকার। চলতি অর্থবছরে সরকারের ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা ১৮ হাজার ৯৫৭ কোটি টাকা।
অর্থবছরের প্রথম পাঁচ মাসে সরকারের ব্যাংক ঋণ লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় তা নিয়ে বিরোধী দল ব্যাপক সমালোচনা করে।
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গত ১ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে বলেন, এত অল্প সময়ে সরকারের এত বিরাট অঙ্কের ঋণ নেওয়া নজীরবিহীন। এর ফলে বেসরকারি খাতে সৃষ্টি হয়েছে ‘ঋণদুর্ভিক্ষের’।
তবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শুরু থেকেই এই বিরোধিতার জবাব দিয়ে আসছিলেন।
তিনি বুধবারও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ব্যাংক থেকে ঋণ নেওয়া নতুন কিছু নয়। বাজেট ঘাটতি মেটাতে ঋণ নিয়ে থাকে সরকার। সব সরকারই এ ঋণ নিয়ে আসছে।
“মিডিয়ায় বিষয়টি নিয়ে অযথা হৈ চৈ হচ্ছে,” বলেন তিনি।
নাম প্রকাশ না করে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বৃহস্পতিবার টেলিকম খাত থেকে সরকারের হিসাবে ৩ হাজার ২০০ কোটি টাকা যোগ হয়েছে। এ কারণেই ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার প্রবণতা কমেছে।
চার মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও সিটিসেল তাদের লাইসেন্স নবায়ন ফি এবং স্পেকট্রাম ফি বাবদ এই টাকা বিটিআরসিতে জমা দেয়।
তারপরও ব্যাংক ঋণের পরিমাণ অন্য সময়ের চেয়ে বেশি থাকার তথ্যটি তুলে ধরলে মুহিত বলেন, “ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকারের ঋণ নেওয়ার বিষয়টি অনেকের কাছেই পরিষ্কার নয়। অর্থবছরের প্রথম দিকে রাজস্ব আদায়সহ সরকারের অন্যান্য আয়ে ধীর গতি থাকে। সে কারণে উন্নয়ন ব্যয়সহ অন্যান্য ব্যয় ব্যাংক থেকে ঋণ নিয়ে চালাতে হয়।”
তবে সামগ্রিকভাবে বছর শেষে ঋণ লক্ষ্যমাত্রা অতিক্রম করবে না বলে মনে করছেন অর্থমন্ত্রী।
চলতি অর্থবছরে এ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক থেকে ১০ হাজার ১৫২ কোটি এবং তফসিলি ব্যাংকগুলো থেকে ৬ হাজার ৪৬৬ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে ।
গত অর্থবছরে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ২০ হাজার ৪০০ কোটি টাকা ঋণ নিয়েছিলো। যা ওই অর্থবছরের সংশোধিত বাজেটের লক্ষ্যমাত্রার চেয়েও ২ হাজার কোটি টাকা বেশি ছিলো।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য বাড়তি জ্বালানি তেল আমদানির জন্যই সরকারের খরচ বেড়ে গেছে। ব্যাংক ঋণ বেড়ে যাওয়ার অন্যতম কারণ এটি।
জ্বালানি তেলের জন্য আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় বাণিজ্য ঘাটতিও বাড়ছে। এর ফলে চাপ পড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। ফলে ব্যাংকের দ্বারস্ত হতে হচ্ছে সরকারকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/কেকে/এমআই/২১৩১ ঘ.
bdnews24