২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার মাসে বাণিজ্য ঘাটতি দ্বিগুণ

অর্থবছরের প্রথম দুই মাসের চিত্র পাল্টে গেছে পরের দুই মাসেই। এ ধারা দেখে বছর বাণিজ্য ঘাটতি আগের চেয়ে বেশি হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। আবদুর রহিম হারমাছির প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2011, 12:36 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

আবদুর রহিম হারমাছি প্রধান অর্থনৈতিক প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরের প্রথম চার মাসে আগের বছরের একই সময়ের তুলনায় বাণিজ্য ঘাটতি প্রায় দ্বিগুণ বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) আমদানি ব্যয় ও রপ্তানি আয়ের মধ্যে পার্থক্য ছিলো ৩১০ কোটি ৩০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এ ঘাটতির পরিমাণ ছিলো ১৮২ কোটি ৫০ লাখ ডলার। রপ্তানি আয়ের চেয়ে আমদানি ব্যয় অনেক বেশি বাড়ায় এই অর্থবছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বাণিজ্য ঘাটতি এক লাফে অনেক বেড়ে যায়। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম এবং বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান মনে করছেন, এবার বাণিজ্য ঘাটতি গতবারের চেয়েও বেশি হবে। বাণিজ্য ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জ্জা আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মূলত জ্বালানি তেল আমদানি বেড়ে যাওয়ার কারণেই বাণিজ্য ঘাটতি বাড়ছে। বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য বেশি ফার্নেস অয়েল ও ডিজেলের প্রয়োজন হচ্ছে। এ কারণে আমদানিও বেশি করতে হচ্ছে। “কিন্তু যে হারে আমদানি ব্যয় বাড়ছে, সে তুলনায় রপ্তানি আয় বাড়ছে না। আর সে কারণেই ঘাটতি বাড়ছে।” তার মতে, আমদানি ব্যয় বেড়ে যাওয়ার কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও চাপ পড়ছে। এর ফলে মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমছে। “এক ডলারের জন্য এখন ৮০ টাকার বেশি দিতে হচ্ছে। ফলে আমদানি পণ্যের দামও বেড়ে যাচ্ছে। ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি আরো ঊর্ধ্বমুখী হচ্ছে,” বলেন মির্জ্জা আজিজ। বাংলাদেশ ব্যাংকের লেনদেনের ভারসাম্য সারণীর তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ২০১১-১২ অর্থবছরের প্রথম চার মাস জুলাই-অক্টোবর সময়ে পণ্য বাণিজ্যে মোট ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৩১০ কোটি ৩০ লাখ ডলার। এই সময়ে বাংলাদেশ ১ হাজার ১২৮ কোটি ৩০ লাখ ডলারের পণ্য আমদানি করেছে। আর এর বিপরীতে পণ্য রপ্তানি থেকে মোট আয় হয়েছে ৮১৮ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে ঘাটতির পরিমাণ ছিলো ১৮২ কোটি ৫০ লাখ ডলার। ওই চার মাসে ৮৫৬ কোটি ২০ লাখ ডলারের পণ্য আমদানি হয়েছিলো। আর রপ্তানি আয় এসেছিলো ৬৭৩ কোটি ৭০ লাখ ডলার। ২০১০-১১ অর্থবছরের পুরো সময়ে মোট বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিলো ৭৩২ কোটি ৮০ লাখ ডলার, যা আগের যে কোনো বছরের চেয়ে বেশি। মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামীতে আমদানি ব্যয় কমবে বলে মনে হয় না। কিন্তু রপ্তানি আয়ের নেতিবাচক ধারার আভাস পাওয়া যাচ্ছে। সে পরিস্থিতিতে এবার গতবারের চেয়েও বেশি ঘাটতির মুখোমুখি হবে বাংলাদেশ। জ্বালানি তেল আমদানি খাতে ব্যয় বেড়ে যাওয়ায় ভর্তুকি কমাতে বাধ্য হয়ে সরকার তেলের দাম বাড়াচ্ছে বলে মনে করেন তিনি। তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) পণ্য বাণিজ্যে ঘাটতি গত অর্থবছরের একই সময়ের চেয়ে কম ছিলো। কিন্তু সেপ্টেম্বর ও অক্টোবর মাসে আমদানি ব্যয় এক লাফে বেড়ে যাওয়ায় বাণিজ্য ঘাটতিও বেড়ে গেছে। গত বছরের জুলাই-আগস্ট সময়ে ঘাটতি ছিলো ৭৮ কোটি ৪০ লাখ ডলার। চলতি বছরের এ সময়ে ঘাটতির পরিমাণ ছিলো ৪০ কোটি ৯০ লাখ ডলার। কিন্তু সেপ্টেম্বর ও অক্টোবর দুই মাসে বাণিজ্য ঘাটতি ছিলো ২৭০ কোটি ডলার। অর্থাৎ এই অর্থবছরের প্রথম দুই মাসের তুলনায় পরের দুই মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে প্রায় সাতগুণ। আমদানি-রপ্তানির সর্বশেষ তথ্য অনুযায়ী, চার মাসের (জুলাই-অক্টোবর) হিসাবে আমদানি ব্যয় বেড়েছে ৩১ দশমিক ৭৮ শতাংশ। আর এ সময়ে রপ্তানি আয় বেড়েছে ২১ দশমিক ৪২ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই-অক্টোবর সময়ে জ্বালানি তেল আমদানির জন্য এলসি (ঋণপত্র) খোলার পরিমাণ বেড়েছে ১১৬ শতাংশ। আর এলসি নিষ্পত্তির পরিমাণ বেড়েছে ৮২ দশমিক ৫৩ শতাংশ। গত বছরের এ সময়ে জ্বালানি তেল আমদানির জন্য এলসি খোলার পরিমাণ ১১ দশমিক ৭৯ শতাংশ কমেছিলো। তবে নিষ্পত্তির পরিমাণ বেড়েছিলো ৭৮ দশমিক ৪১ শতাংশ। ২০১০-১১ অর্থবছরে আমদানি ব্যয় ও রপ্তানি আয় প্রায় সমানতালে বেড়েছিলো। আমদানি ব্যয় বেড়েছিলো ৪১ দশমিক ৭৯ শতাংশ। আর রপ্তানি আয় বেড়েছিলো ৪১ দশমিক ৪৭ শতাংশ। এবার মোট রপ্তানি আয়ে ভালো প্রবৃদ্ধি নাও হতে পারে- এমন আভাস দিয়ে মোস্তাফিজুুর রহমান বলেন, গতবার বিশ্ববাজারে তুলা ও সুতার দাম অনেক বেশি থাকায় আমাদের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের দামও বেশি ছিলো। সে কারণে অনেক বেশি রপ্তানি আয় দেশে এসেছিলো। “কিন্তু এখন সুতা ও তুলার দাম তিন ভাগের এক ভাগে নেমে এসেছে। পোশাকের দামও কমে গেছে। যার ফলে এবার মোট রপ্তানি আয়ের হিসাবে গতবারের মতো উচ্চ প্রবৃদ্ধি হবে না বলে মনে হচ্ছে,” বলেন তিনি। তবে এতে রপ্তানিকারকদের কোনো সমস্যা হবে না বলে মনে করেন সিপিডির নির্বাহী পরিচালক। (বাংলাদেশ ব্যাংকের লেনদেনের ভারসাম্য সারণীতে আমদানি ও রপ্তানির যে হিসাব দেওয়া হয়েছে তাতে আমদানি ও রপ্তানি পণ্য মূল্যের প্রকৃত হিসাব (এফওবি) দেখানো হয়েছে। এ হিসাবে পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে ইন্সুরেন্স (বীমা), পিএসআইসহ (প্রাক-জাহাজীকরণ পরিদর্শন) অন্যান্য চার্জ বাদ দিয়ে হিসাব করা হয়েছে। এ সব চার্জ সেবা খাতের সঙ্গে যোগ করা হয়েছে। সে কারণে মোট রপ্তানি আয় ও আমদানি ব্যয়ের যে হিসাব পাওয়া যায় তার সঙ্গে এ হিসাবের হেরফের হয়ে থাকে।) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসইউ/এমআই/১৮৩০ ঘ.