শেখ শাহরিয়ার জামান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রথম সারির ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস নানা অনিয়মের মাধ্যমে সরকারের ৩ কোটি ২২ লাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে বলে মহাহিসাব নিরীক্ষকের দপ্তর জানিয়েছে।
২০০৬-০৭ অর্থবছরে ‘ফাঁকি’ দেওয়া এ অর্থ আদায়ে পদক্ষেপ নিতে কর কর্তৃপক্ষকে তাগিদ দেওয়া হয়েছে। তবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস বলেছে, এ পাওনার দাবি চ্যালেঞ্জ করে তারা আদালতে গেছেন এবং বিষয়টি বিচারাধীন।
সম্প্রতি মহাহিসাব নিরীক্ষকের কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিটের হিসাবের ওপর বিশেষ নিরীক্ষা চালিয়ে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের অনিয়ম ধরা পড়ে।
প্রতিবেদনে বলা হয়, ২০০৬-০৭ অর্থবছরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস প্রকাশনা, পরামর্শ (কনসালট্যান্সি), বিজ্ঞাপন, নিরাপত্তা, সফটওয়্যার ও হার্ডওয়্যার সহায়তা, সংস্কার ও নবায়নসহ নানা ধরনের সেবা গ্রহণ করলেও নিয়ম অনুযায়ী উৎসে মূল্য সংযোজন কর কেটে তা সরকারি কোষাগারে জমা দেয়নি। এতে সরকার ২ কোটি ৬৮ লাখ ২০ হাজার টাকা রাজস্ব হারিয়েছে।
এর পাশাপাশি স্কয়ার ফার্মাসিউটিক্যাল ওই সময়ে প্রকৃত উৎপাদনের চেয়ে কম দেখিয়ে সরকারের প্রায় ৩৯ লাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।
পাশাপাশি অন্য প্রতিষ্ঠানের নামে আমদানি করা পণ্যের বিপরীতে কর ছাড় নিয়েও সরকারকে ‘ফাঁকি’ দিয়েছে এ প্রতিষ্ঠান। এতে সরকার ৮ লাখ ৩৯ হাজার ৭৮৫ টাকা রাজস্ব হারিয়েছে বলে মহাহিসাব নিরীক্ষকের দপ্তর বলছে।
এছাড়া প্রতিটি সিপ্রোসিন (২৫০ গ্রাম) ট্যাবলেটের দাম সরকার ৭ টাকা ৬ পয়সা ঠিক করে দিলেও তা ৪ টাকা ৮৯ পয়সায় বিক্রি দেখিয়ে ৭ লাখ ৮৩ হাজার ৪১৩ টাকা ভ্যাট দেওয়া এড়িয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।
মহাহিসাব নিরীক্ষকের এ প্রতিবেদনের বিষয়ে জানতে চাওয়া হলে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মহসিন হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিষয়ে সব কটি মামলা ২০০৯ সাল থেকে হাইকোর্টে রয়েছে।”
১৯৫৮ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করা স্কয়ার দেশের শীর্ষস্থানীয় একটি শিল্প পরিবার।
১৯৮৫ সাল থেকে বাংলাদেশের ওষুধ শিল্পে নেতৃত্বাধীন অবস্থানে আছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং এটি এখন বিশ্ব বাজারেও শক্ত অবস্থান নেওয়ার পথে রয়েছে।
স্কয়ার ফার্মাসিউটিক্যালস ১৯৯৫ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। এ প্রতিষ্ঠানের ৫৪ দশমিক ১৬ শতাংশ শেয়ার উদ্যোক্তা পরিচালকদের, ৩৯ দশমিক ১৪ শতাংশের মালিকানা সাধারণ বিনিয়োগকারীদের। বাকি ৬ দশমিক ৭ শতাংশ মালিকানা বিদেশিদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/এমআই/১০০০ ঘ.
bdnews24