ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাকের সবচেয়ে বড় প্রদর্শনী বাটেক্সপোতে পাওয়া অর্ডার নিয়ে সন্তুষ্ট নয় শিল্পোদ্যোক্তারা।
এবার বাটেক্সপোতে ৬ কোটি ৬৩ লাখ ৩০ হাজার ডলার সমমূল্যের তৈরি পোশাকের অর্ডার পাওয়া গেছে বলে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়।
গত ১০ ডিসেম্বর বাটেক্সপো শুরু হয়ে সোমবার তা শেষ হয়েছে। প্রদর্শনীর নানা দিক তুলে ধরে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।
সংগঠনের সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, “এবারের বাটেক্সপোতে ৬৬ দশমিক ৩৫ মিলিয়ন ডলারের স্পট (তাৎক্ষণিক) অর্ডার পাওয়া গেছে। এটা গত বারের চেয়ে সামান্য বেশি। আমরা আরো বেশি আশা করেছিলাম, সে প্রত্যাশা পূরণ হয়নি।”
গতবার বাটেক্সপোতে ৬ কোটি ৫০ লাখ ডলারের তাৎক্ষণিক অর্ডার পাওয়া গিয়েছিলো।
বিজিএমইএ সভাপতি জানান, এবার স্পট অর্ডারের মধ্যে ৬ কোটি ৪৭ লাখ ডলার সাধারণ অর্ডার (নতুন অর্ডার) এবং বাকিটা স্টক লট (বিভিন্ন কারণে আগের যে সব অর্ডার ক্রেতারা বাতিল করেছিলো সে সব পোশাক)।
এবার প্রত্যাশা পূরণ না হওয়ার কারণ ব্যাখ্যা করে মহিউদ্দিন বলেন, “আমেরিকা ও ইউরোপের অর্থনীতিতে দ্বিতীয় দফা মন্দা শুরু হয়েছে। সে কারণে ওই দুই দেশের বায়াররা এখন কম অর্ডার দিচ্ছে।”
এছাড়া সোয়েটারের এখন মৌসুম (সিজন) না হওয়ার কারণেও অর্ডার বেশি হয়নি বলে জানান তিনি।
মহিউদ্দিন বলেন, বছরের এ সময় সোয়েটারে কাজ কম থাকে। পাশাপাশি মন্দার কারণেও অনেক কারখানা কাজ পাচ্ছে না।
“তবে আমরা সুদিনের অপেক্ষা করছি। আশা করছি ইউরোপ ও আমেরিকা মন্দাভাব থেকে বেরিয়ে আসবে,” বলেন তিনি।
২০১১-১২ অর্থবছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) দেশে পোশাক খাতের জন্য ভালো যায়নি বলে জানান বিজিএমইএ সভাপতি।
তিনি বলেন, “ইউরোপের ক্রেতারা এখন একই ডিজাইনের পোশাক কম অর্ডার দেয়। বিভিন্ন ডিজাইন করে যেটি বেশি বিক্রি হয় সেটির অর্ডার নতুন করে দেয়। এক্ষেত্রে তারা বেশি দাম হলেও লাতিন আমেরিকা ও তুরস্ককে পছন্দ করছে। কারণ বাংলাদেশ থেকে নিলে সময় বেশি লাগে। ফলে চীনের অর্ডার কমে গেলেও সেগুলো বাংলাদেশে না এসে ওইসব দেশে যাচ্ছে।”
অর্ডারের পাশাপাশি এবার মেলায় আসা ক্রেতার সংখ্যাও গত বছরের চেয়ে বেশি। এ বছর মোট ১৭৫টি ক্রেতা প্রতিষ্ঠানের ৩ হাজার ১৫ জন বিদেশি ক্রেতা প্রতিনিধি মেলায় আসেন।
এবছর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ব্রাজিল, কলম্বিয়া, জার্মানি, ডেনমার্ক, ইতালি, পেরু, জাপান, হংকং, ভারত, সিঙ্গাপুর, কোরিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে ক্রেতা প্রতিনিধিরা আসেন।
গত বাটেক্সপোয় ১৬২ প্রতিষ্ঠানের ২ হাজার ৮৭০ জন ক্রেতা প্রতিনিধি এসেছিলেন।
প্রদর্শনীর দর্শকের সংখ্যাও এবার বেড়েছে। এবারের মেলায় ১৫ হাজার ৬৯০ জন দর্শক এসেছিলেন। গত বছর এ সংখ্যা ছিলো ১৪ হাজার ৯০০ জন।
লাতিন আমেরিকার একটি প্রতিনিধি দলের সফরে আশাবাদী বিজিএমইএ সভাপতি বলেন, “ওই অঞ্চলে আমাদের বাজার প্রসারের সম্ভাবনা আছে। আমাদের আলোচনার কারণেই পেরুতে শুল্কহার ১৩ শতাংশ থেকে ১১ শতাংশ হয়েছে। সরকারিভাবে আলোচনা হলে আরো সুযোগ পাওয়া যাবে।”
কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ে সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সংগঠনের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, এস এম মান্নান কচি ও বাটেক্সপো আয়োজক কমিটির আহ্বায়ক নূরুল ইসলাম বক্তব্য রাখেন।
ভারতে রপ্তানি সম্পর্কে সিদ্দিকুর রহমান বলেন, “ওই দেশের ব্যবসায়ীরা এখন স্টক লট কিনছে। টাটা, রিলায়েন্স-এর মত কম্পানিগুলো বাংলাদেশে আসছে। আগামী মার্চ-এপ্রিল নাগাদ বোঝা যাবে, তাদের সঙ্গে বাংলাদেশের ব্যবসা কী গতিতে এগোবে।”
এবারের প্রদর্শনীতে মোট স্টল সংখ্যা ছিলো ১৪৬টি। এর মধ্যে ৫৬টি ছিলো বিজিএমইএ সদস্যদের, বাকি স্টলগুলো দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলোর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৮৫৩ ঘ.
bdnews24