২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চট্টগ্রাম ওয়াসার চুক্তি

কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের অধীনে ‘পরিবহন ও বিতরণ পাইপ লাইন’ নির্মাণে দুইটি জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম ওয়াসা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2011, 01:33 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের অধীনে ‘পরিবহন ও বিতরণ পাইপ লাইন’ নির্মাণে দুইটি জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম ওয়াসা। সোমবার দুপুরে নগরীর একটি হোটেলে চুক্তি স্বাক্ষর হয়। ওয়াসার পক্ষে চুক্তি স্বাক্ষর করেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ। জাপানি দুই ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন কুবোটা কন্সট্রাকশন কোম্পানির ব্যবস্থাপক (কন্সট্রাকশন) আকিরা সিরাই। কুবোটা ও মারুবেনি- জাপানের এ দুটি প্রতিষ্ঠান যৌথভাবে ৭৬ দশমিক ৩০ কিলোমিটার দীর্ঘ পাইপ লাইন নির্মাণের কাজটি করবে। ৭১০ কোটি টাকা ব্যয়ে সি-২ প্রকল্পের আওতায় এ কাজ শেষ হবে ২০১৪ সালের জুন মাসে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা এলাকায় কর্ণফুলী নদীর তীরে বাস্তবায়নাধীন ‘কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পে’ মোট ব্যয় হবে এক হাজার পাঁচশ ১০ কোটি ১৯ লাখ টাকা। তিনটি প্যাকেজের অধীনে পুরো প্রকল্পটির কাজ শেষ হবে। এর সি-১ প্যাকেজের অধীনে নির্মিত হবে নদী থেকে পানি উত্তোলন ব্যবস্থা। সি-২ প্যাকেজের অধীনে নির্মাণ করা হবে পরিবহণ ও বিতরণ পাইপ লাইন এবং সি- ৩ প্যাকেজে নির্মাণ করা হবে রিজার্ভার। বাংলাদেশ সরকার ও জাইকার যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পটি থেকে মোট ১৩ কোটি ৬০ লাখ লিটার পানি উৎপাদন সম্ভব হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। এ প্রকল্পে মোট ব্যয়ের মধ্যে সরকার পাঁচশ চার কোটি টাকা, জাইকা নয়শ ৯১ কোটি টাকা এবং চট্টগ্রাম ওয়াসা ১৫ কোটি টাকা দেবে বলে জানান ফজলুল্লাহ । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএম/পিডি/১৯২৮ ঘ.