২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তৈরি পোশাক শিল্পে দক্ষ জনশক্তি প্রয়োজন’

রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পে দক্ষ জনশক্তির অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2011, 04:05 PM

Updated : 24 Aug 2022, 05:21 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পে দক্ষ জনশক্তির অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। শনিবার বিকালে দেশে তৈরি পোশাকের সবচেয়ে বড় প্রদর্শনী বাটেক্সপো-২০১১ এর উদ্বোধনী দিনে এক সেমিনারে কেয়ার বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি ডিরেক্টর জেমি তারজি বলেন, “গার্মেন্টস সেক্টর থেকে সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করতে অতিরিক্ত দশ লাখ থেকে ১৫ লাখ দক্ষ শ্রমিকের প্রয়োজন, যা মোট শ্রমিকের ২৫ শতাংশ।” মূল প্রবন্ধে তিনি বলেন, “২০১০ সালে সারা বিশ্বে তৈরি পোশাকের বাণিজ্য ছিল প্রায় ৩৫ দশমিক ৫ বিলিয়ন ডলারের। এতে বাংলাদেশের অবদান ৪ দশমিক ৪৬ শতাংশ। এই সেক্টরে কর্মরত প্রায় ৩৫ লক্ষ শ্রমিকের দক্ষতার উন্নয়ন ঘটাতে পারলে বাংলাদেশের এগিয়ে যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।” তৈরি পোশাক শিল্পে কর্মরত ৮০ শতাংশ নারী শ্রমিকের জীবনমান ‘একেবারেই সন্তোষজনক নয়’ উল্লেখ করে তারজি বলেন, “প্রতিদিন ৮ ঘন্টা কিংবা তারও বেশি সময় ধরে কাজ করেও সারা মাসে তাদের (নারী শ্রমিকদের) বেশিরভাগের আয় ১০০ ডলারেরও নিচে। তাদের বাসস্থান কিংবা অন্যান্য সুযোগ-সুবিধাও খুব সীমিত।” শ্রমিকদের জীবনমানের উন্নতিসাধন, তাদের শিক্ষাদান এবং কার্যকর প্রশিক্ষণ নিশ্চিত করতে পারলে শুধু এই শিল্পের উন্নতি হবে তাই নয় বরং একই সঙ্গে দেশের সামগ্রিক উন্নয়নেও তা প্রভাব ফেলবে বলে তিনি মনে করেন। তৈরি পোশাকের শীর্ষ সংগঠন বিজিএমইএ-এর সভাপতি সাইফুল ইসলাম মহিউদ্দিন বলেন, “উৎপাদনশীলতা এবং দক্ষতায় চীনের তুলনায় বাংলাদেশ প্রায় ২৮ শতাংশ পিছিয়ে আছে। দক্ষতার উন্নয়নে শ্রমিকদের প্রশিক্ষণের জন্য ইতোমধ্যে বিজিএমইএর তত্ত্বাবধানে ১২ টি ট্রেনিং সেন্টার চালু হতে যাচ্ছে।” বিজিএমইএ-এর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শিদী মানব সম্পদ উন্নয়নের জন্য সরকারের প্রতি বিশেষ বরাদ্দের দাবি জানিয়ে বলেন, “আমাদের দেশের কারখানার আধুনিক মেশিনগুলো পরিচালনার জন্য বর্তমানে প্রায় ১৭ হাজার বিদেশি এক্সপার্ট কাজ করছেন। কিন্তু আমাদের মানব সম্পদ উন্নয়নের জন্য বাজেটে কোনো টাকা রাখা হয়নি।” তিনি সরকারের কাছে মানব সম্পদ উন্নয়নে বিশেষ বরাদ্দের দাবি জানান। সেমিনারের প্রধান অতিথি বানিজ্য মন্ত্রী জি এম কাদের বলেন, “গার্মেন্টস সেক্টরের সুষম উন্নয়ন হুমকির মুখে পড়বে যদি আমরা দক্ষ শ্রমিক তৈরি করতে না পারি। গার্মেন্টস কারখানাগুলোতে ১৭ হাজার বিদেশি এক্সপার্ট কাজ করে। এই দক্ষতা আমাদের নিজেদেরই অর্জন করতে হবে।” তিনি বিজিএমইএ পরিচালিত ১২টি প্রশিক্ষণ কেন্দ্রের বাইরে জেলা উপজেলা পর্যায়ে ব্যক্তিগত উদ্যোগে প্রশিক্ষণ কেন্দ্র খোলার আহ্বান জানিয়ে বিজিএমইএ এর নেতাদের উদ্দেশ্য করে বলেন, “তাহলে আপনাদেরকেও নিশ্চিত করতে হবে, প্রশিক্ষণ শেষ করে সবাই যেন কাজ পায়।” বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যানেলি লিন্ডাহি কেনি পোশাক শিল্প মালিকদেরকে পরিবেশবান্ধব কারখানা নির্মাণের আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশের গার্মেন্টস শুধু এদেশের অর্থনীতিকে শক্তিশালী করছে তাই নয় বরং এই শিল্পে ৮০ ভাগ নারীর অংশগ্রহন নারী অধিকারকেও প্রতিষ্ঠিত করছে।” বিজিএমইএ -এর সহ-সভাপতি ফারুক হাসানের সঞ্চালনায় “স্কিলস ডেভেলপমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট ইন বাংলাদেশ আরএমজি সেক্টর” শীর্ষক সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেয়ার বাংলাদেশের পরিচালক নিক সাউদার্ন ও এইচঅ্যান্ডএমের কান্ট্রি হেড প্যাসকাল ব্র“ন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এসইউ ২১০৫ ঘ.