ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেন্টাল প্ল্যান্ট স্থাপন অর্থনীতির ওপর চাপ ফেলছে বলে সমালোচনা হলেও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিদ্যুৎ সঙ্কট মোকাবেলায় এ ছাড়া কোনো উপায় ছিলো না।
তার দাবি, রেন্টাল পাওয়ার প্ল্যান্ট বা ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র না হলে লোড শেডিং এখন মারাত্মক রূপ নিতে।
বুধবার জাতীয় বিদ্যুৎ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, “অনেকে বলছেন, ভাড়াভিত্তিক (রেন্টাল) বিদ্যুৎ কেন্দ্রে ডিজেল ও ফার্নেস অয়েল ব্যবহার করার কারণে দাম বাড়ছে। তাদের এ কথার ভিত্তি নেই। কারণ সঙ্কট মোকাবেলায় এছাড়া কোনো উপায় ছিলো না।”
“রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন না করে যদি দীর্ঘমেয়াদি কেন্দ্র স্থাপন করা হতো, সেক্ষেত্রে বর্তমান সময়ে লোড-শেডিং হতো ভয়াবহ আকারে,” বলেন তিনি।
ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গত ১ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে বলেন, সরকারের বিদ্যুৎ ঘাটতি মোকাবেলার এ কৌশল প্রশ্নবিদ্ধ।
তিনি বলেন, “একদিকে এসব বিদ্যুৎ কেন্দ্রের জন্যে অতিরিক্ত তরল জ্বালানি আমদানি করতে গিয়ে বৈদেশিক মুদ্রার ব্যয় প্রায় তিনগুণ বেড়েছে। অন্যদিকে আমদানি করা তরল জ্বালানিভিত্তিক বিদ্যুৎ প্ল্যান্টগুলোর কাছ থেকে উচ্চমূল্যে ক্রয় করা বিদ্যুৎ পাইকারি বাজার মূল্যে বিক্রয় করতে গিয়ে সরকারকে বিপুল অঙ্কের ভর্তুকি দিতে হচ্ছে। ফলে সরকারের কোষাগারের ওপর অসহনীয় চাপ সৃষ্টি হচ্ছে।”
রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো উচ্চমূল্যের তরল জ্বালানি তেল ব্যবহার করার কারণে এ খাতে ভর্তুকি বেড়েছে বলে স্বীকার করেছেন অর্থমন্ত্রী।
পাইকারি বিদ্যুতের বাড়ানোর কারণ হিসেবে ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে উচ্চমূল্যে তরল জ্বালানি ব্যবহারের কথা জানিয়েছিলো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডও।
অর্থমন্ত্রী বলেন, অবস্থা থেকে উত্তরণে রেন্টালের পাশাপাশি দীর্ঘমেয়াদি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ২০১৬ সালের মধ্যে প্রায় ১৫,০০০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেয়।
এ পরিকল্পনার অনুযায়ী এ পর্যন্ত ৪৮টি বিদ্যুুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি হয়েছে। এর মধ্যে ১৭টি দ্রুত ভাড়াভিত্তিক, তিনটি ভাড়াভিত্তিক, ১০টি আইপিপি (ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার) এবং ১৮টি সরকারি।
বর্তমানে দেশের অর্ধেক মানুষ বিদ্যুত সুবিধার বাইরে হলেও ২০২১ সালের মধ্যে সবাইকে বিদ্যুৎ দিতে সরকার কাজ চালিয়ে যাচ্ছে বলে অর্থমন্ত্রী জানান।
তিনি বলেন, “চাহিদা অনুযায়ী বিদ্যুতের উৎপাদন না বাড়াতে পারলে উন্নয়নও ব্যাহত হবে। তাই এ খাতে কোনো দুরবস্থা তৈরি হোক, তা আমরা চাই না।”
বিদ্যুৎ সাশ্রয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দ্বিতীয়বারের মতো বুধবার থেকে পাঁচ দিনব্যাপী জাতীয় বিদ্যুৎ সপ্তাহ পালন করেছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার লক্ষ্যে এর আয়োজন বলে অর্থমন্ত্রী জানান।
২০১২ সালের মধ্যে অতিরিক্ত চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে বলে আশা করছেন অর্থমন্ত্রী। এর মধ্যে অর্ধেক আসবে রেন্টাল থেকে বাকিটা পিকিং বিদ্যুৎ কেন্দ্র ও বেসরকারি খাত থেকে।
বিদ্যুৎ উৎপাদন বর্তমান গতিতে চললে আগামী দুই বছরে প্রবৃদ্ধি ৮ শতাংশে উন্নীত হবে বলে মনে করছেন মুহিত।
বিদ্যুতের দাম সীমিত রাখতে পরিবেশের জন্য ক্ষতিকর বলে স্বীকার করেও কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ওপর জোর দিয়েছেন অর্থমন্ত্রী।
বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সঙ্কটের জন্য বিগত সরকারকে দায়ী করে তিনি বলেন, “তারা গ্যাসের উৎপাদন বাড়াতে উদ্যোগ নিলে এত সঙ্কট হতো না।”
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী বলেন, বিদ্যুৎ উৎপাদন ২০১১ সালের মধ্যে পাঁচ হাজার মেগাওয়াট বাড়ানোর প্রতিশ্র“তি সরকারের থাকলেও তা ছয় হাজার বাড়ছে।
এই গতি ধরে রেখে সরকারের মেয়াদ শেষে ৬০ শতাংশ মানুষকে বিদ্যুতের আওতায় আনার আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, জ্বালানি সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব তাপস কুমার রায় প্রমুখ।
কর্মসূচি
বিদ্যুৎ সপ্তাহের প্রথম দিন বুধবার থাকছে- জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে শোভাযাত্রা, প্রদর্শনী, মতবিনিময় সভা ও গ্রাহকদের মধ্যে লিফলেট বিলি।
দ্বিতীয় দিন বৃহস্পতিবার ওয়ান পয়েন্ট সার্ভিস সেন্টার স্থাপনের মাধ্যমে গ্রাহকদের সেবা দেওয়ার পাশাপাশি ব্যানার ও সিটিজেনস চার্টার প্রদর্শন।
তৃতীয় দিন ৯ ডিসেম্বর বিদ্যুৎ মেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতির প্রদর্শনের পাশাপাশি বকেয়া বিলও আদায় করা হবে।
চতুর্থ দিন ১০ ডিসেম্বর দপ্তর প্রধানদের ওয়ান পয়েন্ট সার্ভিস সেন্টার পরিদর্শন, অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ, বিদ্যুৎ বিল আদায়ে গ্রাহকদের উদ্বুদ্ধকরণ।
কর্মসূচির শেষ দিন ১১ ডিসেম্বর বিদ্যুৎকর্মীদের নিরাপত্তামূলক মহড়া ও প্রতিযোগিতার আয়োজন, স্ব স্ব বিদ্যুৎ সংস্থার নিজস্ব কর্মকাণ্ডের ওর ভিডিও এবং পাওয়ার পয়েন্ট প্রদর্শন।
এছাড়া এ সপ্তাহ উপলক্ষে সেরা বিদ্যুৎকর্মী, প্রকল্প পরিচালক, বিদ্যুৎ ইউনিট, বিদ্যুৎ গ্রাহক, গবেষণা কার্যক্রম, স্কুল ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের বিদ্যুৎ বিষয়ক রচনা প্রতিযোগিতা, সংবাদপত্র ও ইলেকট্রনিক রিপোর্টিং বিষয়ে পুরস্কার দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১১৭১২ ঘ.
bdnews24