ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দায়িত্ব নেওয়ার দিনেই বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইনের দেখা পেয়েছেন নতুন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার বিকালে মন্ত্রীর কক্ষে প্রায় আধা ঘণ্টা ছিলেন বিশ্বব্যাংক প্রতিনিধি। তবে এটাকে সৌজন্য সাক্ষাৎ বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
সকালে যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়া কাদের বলেছিলেন, পদ্মা সেতু প্রকল্পকে অগ্রাধিকার দেবেন তিনি। বিশ্বব্যাংক অর্থায়ন স্থগিত করায় দেশের সর্ববৃহৎ এ নির্মাণ প্রকল্প ঝুলে গেছে।
গোল্ডস্টেইনের সঙ্গে মন্ত্রীর বৈঠকের পর সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থছাড়ের বিষয়টি ইতিবাচকভাবে দেখছে।
বৈঠকে পদ্মা সেতু প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে সচিব বলেন, “বিশ্বব্যাংক কর্মকর্তা জানিয়েছেন, তিনি পদ্মা সেতুর বিষয়ে আলোচনা করতে ওয়াশিংটন যাচ্ছেন, ওয়াশিংটন থেকে ফিরে এসে মন্ত্রীকে এ বিষয়ে জানাবেন।”
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠার পর এ প্রকল্পে অর্থায়ন স্থগিতের ঘোষণা দেয় বিশ্বব্যাংক। সমালোচনার মধ্যেই যোগাযোগমন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয় সৈয়দ আবুল হোসেনকে। এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাদেরকে।
পদ্মা সেতু বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্র“তি। ২৯০ কোটি ডলার ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পে ১২০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৭৪২ ঘ.
bdnews24