২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জ্বালানির দাম বাড়ায় মূল্যস্ফীতি বেড়েছে’

প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করে মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2011, 01:37 PM

Updated : 24 Aug 2022, 05:19 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য নিয়ে প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বলেছে, নভেম্বর মাসে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। অক্টোবর মাসের তুলনায় নভেম্বরে মূল্যস্ফীতি বেড়েছে দশমিক ১৬ শতাংশ পয়েন্ট। পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে (মাসভিত্তিক) নভেম্বর মাসে মূল্যস্ফীতির হার ছিল ১১ দশমিক ৫৮ শতাংশ। অক্টোবর মাসে এই হার ছিল ১১ দশমিক ৪২ শতাংশ। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে মহাপরিচালক শাহজাহান আলী মোল্লা এ তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, “নভেম্বর মাসে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে খাদ্য-বহির্ভূত উপখাতগুলোতে এর প্রভাব পড়েছে। এর ফলে খাদ্যপণ্যে কমলেও সামগ্রিক মূল্যস্ফীতি বেড়েছে।” মূল্যস্ফীতি বাড়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “নভেম্বর মাসে প্রধানত মাছ, মাংস, ফল, দুধ ও দুগ্ধজাত সামগ্রী, অন্যান্য খাদ্য সামগ্রী, পরিধেয় বস্ত্র, বাসভাড়া, আসবাবপত্র ও গৃহস্থালী ও লন্ড্রি সামগ্রীর দাম বেড়েছে।” বেশ কিছুদিন ধরে বিবিএস মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করছে জানিয়ে মহাপরিচালক বলেন, আশা করছি আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। চলতি বছরের শুরু থেকে বিবিএস মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করছে। এর আগে দুই-তিন মাস আগের তথ্য প্রকাশ করতো বিবিএস। সংবাদ সম্মেলনে জানানো হয়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব খাদ্য-বহির্ভূত উপখাতগুলোতে পড়তে শুরু করেছে। এর ফলে খাদপণ্যের দাম কমার প্রবণতা থাকলেও মূল্যস্ফীতিতে তার প্রভাব পড়ছে না। বিবিএসের তথ্য পর্যালোচনায় দেখা যায়, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিশ্ববাজারে খাদ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং ঘূর্ণিঝড় সিডরের কারণে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় মূল্যস্ফীতি দুই অংকের ঘরে (১০ শতাংশ) পৌঁছায়। ২০০৭ সালের ডিসেম্বরে মূল্যস্ফীতির হার বেড়ে ১১ দশমিক ৫৯ শতাংশে ওঠে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মূল্যস্ফীতি কমতে থাকে। ২০০৯ সালের জুন মাসে মূল্যস্ফীতি কমে ২ দশমিক ২৫ শতাংশে নেমে আসে। এর পর থেকে আবার বাড়তে থাকে। ২০০৯ সালের ডিসেম্বরে মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৫১ শতাংশ। ছয় মাস ধরে মূল্যস্ফীতি দুই অংকের ধরে অবস্থান করছে। সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতি ১১ দশমিক ৯৭ শতাংশে উঠেছিল। গ্রামে মূল্যস্ফীতির চাপ বেড়েছে সংবাদ সম্মেলনে জানানো হয়, নভেম্বর মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কিছুটা কমে দাঁড়িয়েছে ১২ দশমিক ৪৭ শতাংশ, অক্টোবরে এই হার ছিল ১২ দশমিক ৮২ শতাংশ। খাদ্য-বহির্ভূত পণ্যে নভেম্বরে মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ১০ দশমিক ১৬ শতাংশ হয়েছে, অক্টোবরে ছিল নয় দশমিক ০৫ শতাংশ। অন্যদিকে শহরের চেয়ে গ্রামের মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ বাড়ছে। নভেম্বর মাসে গ্রামাঞ্চলে মূল্যস্ফীতির হার ছিল ১১ দশমিক ৩৭ শতাংশ। আগের মাসে এই হার ছিল ১১ দশমিক ০১ শতাংশ। তবে এখনো শহরে গ্রামের চেয়ে বেশি মূল্যস্ফীতি রয়েছে। নভেম্বর মাসে শহর এলাকায় মূল্যস্ফীতি হার কিছুটা কমে ১২ দশমিক ১১ শতাংশ হয়েছে। গত অক্টোবর মাসে এই হার ছিল ১২ দশমিক ৪৭ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/২১০৭ ঘ.