ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার রাতে অর্থনীতি সংশ্লিষ্ট শীর্ষ নীতিনির্ধারকদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় নেতার সংবাদ সম্মেলন করার প্রেক্ষাপটে পাঁচ দিনের বিদেশ যাত্রার আগে প্রধানমন্ত্রী বৈঠকটি করলেন। যদিও সরকারের পক্ষ থেকে বরাবরই অর্থনীতি নিয়ে বিরোধী দল ও নাগরিক সমাজের একাংশের উদ্বেগ প্রত্যাখ্যান করা হয়েছে।
রোববার সন্ধ্যা ৭টা থেকে ১০টা পর্যন্ত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৈঠকটি চলে।
প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি সূত্র জানায়, বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খোন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, অর্থ সচিব মোহাম্মদ তারেক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন গভীর উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। চার পৃষ্ঠার লিখিত বক্তব্যে বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরে তিনি বলেন, অর্থনীতি সঙ্কটে, দেশ দেউলিয়াত্বের দিকে যাচ্ছে।
এর একদিন পর বিরোধীদলীয় নেতার বক্তব্য প্রত্যাখ্যান করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, কোনো সংকট নেই, বিরোধী দল সংকট সৃষ্টি করতে চাইছে।
কয়েক দিনের মধ্যেই দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছিলেন তিনি।
সোমবার দুই দিনের সফরে মিয়ানমার যাচ্ছেন প্রধানমন্ত্রী। ৭ ডিসেম্বর সেখান থেকে ইন্দোনেশিয়ার বালিতে যাবেন গণতন্ত্র বিষয়ে এক সম্মেলনে যোগ দিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এআরএইচ/জিএনএ/০০০৪ ঘ.
bdnews24