ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রেতাদের আকৃষ্ট করতে রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাকের সবচেয়ে বড় প্রদর্শনী বাটেক্সপো আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এ প্রদর্শনী উদ্বোধন করবেন। ১২ ডিসেম্বর বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া।
প্রতিবারের মতো এবারো এ প্রদর্শনী আয়োজন করছে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ।
বিজিএমইএ সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যুক্তরাষ্ট্র, জার্মানি ও ইউরোপের দেশগুলোর অনেক ক্রেতা এ প্রদর্শনীতে অংশ নেবে বলে আমরা আশা করছি। ইতিমধ্যেই সবাইকে প্রদর্শনীতে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএইচ/পিডি/০০৩৭ ঘ.
bdnews24