২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাক্ষাৎকারসংকট নেই, বিরোধী দল সংকট চাইছে

বিরোধী দলীয় নেতার বক্তব্যের প্রথম সরকারি প্রতিক্রিয়ায় পাল্টা সমালোচনা অর্থমন্ত্রীর। আবদুর রহিম হারমাছির প্রতিবেদন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2011, 02:25 PM

Updated : 24 Aug 2022, 05:18 PM

আবদুর রহিম হারমাছি প্রধান অর্থনৈতিক প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় নেতার বক্তব্য প্রত্যাখ্যান করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, কোনো সংকট নেই, বিরোধী দল সংকট সৃষ্টি করতে চাইছে। অর্থনৈতিক পরিস্থিতিতে খালেদা জিয়ার গভীর উদ্বেগ প্রকাশের একদিন পর প্রথম সরকারি প্রতিক্রিয়ায় মুহিত আবারো দাবি করেছেন, অর্থনীতি ভালো অবস্থায়ই আছে। এক সপ্তাহ বিদেশ সফর শেষে শনিবার বিকেলে দেশে ফিরেছেন অর্থমন্ত্রী। শনিবার সন্ধ্যায় এক সাক্ষাৎকারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শুধু আমার দৃষ্টিতে নয়, বিশ্বের দৃষ্টিতে বাংলাদেশের অর্থনীতি ভালো আছে। ওনারা (বিরোধীদলীয় নেত্রী) দেশে সংকট তৈরি করতে চান। সে কারণেই এ ধরনের অভিযোগ তুলে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন।” কয়েক দিনের মধ্যেই দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন বলে জানান তিনি। মুহিত বলেন, “আমি আগেও বলেছি, এখনও বলছি দু-একটি ছাড়া আমাদের অর্থনীতির প্রধান সূচকগুলো ভালো অবস্থায় আছে। ভর্তুকি ও ব্যালান্স অফ পেমেন্টে (লেনদেনের ভারসাম্য) চ্যালেঞ্জ আছে। সেগুলো মোকাবিলার চেষ্টা করছি।” তিনি বলেন, “বাজেট বক্তৃতায় আমি আমাদের অর্থনীতির বেশ কিছু ঝুঁকির কথা বলেছিলাম। আমি এও বলেছিলাম ২০১১-১২ অর্থবছর হবে সবচেয়ে বড় ঝুঁকির বছর। এখন বিরোধীদলীয় নেত্রী ও সিভিল সোসাইটির লোকেরা অর্থনীতি নিয়ে যে সব কথা বলছে- তার সবগুলোই আমি বাজেট বক্তৃতায় বলেছিলাম। “বিরোধীদলের সঙ্গে কিছু সিভিল সোসাইটির লোকও বিভিন্ন টক শোতে সুর মিলিয়ে বলছে, দেশের অর্থনীতি সংকটে পড়েছে। ওইদিন এক টক শোতে দেখলাম একটি বেসরকারি ব্যাংকের সিইও বলছেন, ‘আমাদের সংকট অর্থনীতিতে নয়, সব সংকট টক শোতে। যে- যেমন পারছে টক শোতে কথা বলে যাচ্ছে।’ আমারও তাই মনে হয়, সংকটটা আসলে অর্থনীতিতে নয়, টক শোতে। “সপ্তাহ খানেক আমি দেশের বাইরে ছিলাম। ইন্টারনেটে অর্থনীতি নিয়ে বিরোধীদলীয় নেত্রীর বক্তব্য পড়েছি। অর্থনীতি গভীর সংকটে বলে তিনি যে সব অভিযোগ করেছেন তা সঠিক নয়। সংকটটা ওনারা সৃষ্টি করতে চাইছেন। রাজনৈতিক সুবিধা নেওয়ার অভিপ্রায় থেকে তারা এটা করতে চাইছে।” দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। চার পৃষ্ঠার লিখিত বক্তব্যে বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরে তিনি বলেন, অর্থনীতি সঙ্কটে, দেশ দেউলিয়াত্বের দিকে যাচ্ছে। এর আগেও সংবাদ সম্মেলন করে অর্থমন্ত্রী দাবি করেছিলেন দেশের অর্থনীতি ভালোই আছে। ব্যাংক থেকে সরকারের ঋণ বৃদ্ধি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, “এ বিষয়টি নিয়েও আমি বারবার কথা বলেছি। আবারও বলছি, ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়া নতুন কিছু নয়। বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নিয়ে থাকে সরকার। সব সময় সব সরকারই এ ঋণ নিয়ে আসছে।” এবার অর্থবছরের প্রথম সাড়ে চার মাসেই বাজেটে নির্ধারিত লক্ষ্যমাত্রার প্রায় সমান ঋণ নিয়ে ফেলেছে সরকার- বিরোধীদলীয় নেত্রীর এ সমালোচনার জবাবে মুহিত বলেন, “ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকারের ঋণ নেওয়ার বিষয়টি অনেকের কাছেই পরিস্কার নয়। অর্থবছরের প্রথম দিকে রাজস্ব আদায়সহ সরকারের অন্যান্য আয় কম হয়। সে কারণে উন্নয়ন ব্যয়সহ অন্যান্য ব্যয় ব্যাংক থেকে ঋণ নিয়ে চালাতে হয়। “এটা একটা চলমান প্রক্রিয়া। প্রয়োজনে সরকার ঋণ নেবে। আবার শোধ করবে। যে বিষয়টি দেখতে হবে- সেটি হলো বাজেটে ঋণ নেওয়ার যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, অর্থবছর শেষে সেটা অতিক্রম করেছে কি না?” মন্ত্রী বলেন, “আমি জোর দিয়ে বলছি বাজেটে ঋণ নেওয়ার যে লক্ষ্যমাত্রা আমরা ধরেছিলাম, তা অতিক্রম করবে না।” চলতি ২০১১-১২ অর্থবছরের বাজেটে ব্যাংক খাত থেকে ১৮ হাজার ৯৫৭ কোটি টাকার ঋণ নেবে বলে লক্ষ্যমাত্রা ধরেছিল। এর মধ্যে ১৫ অক্টোবর পর্যন্ত হিসাব পাওয়া গেছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে অর্থবছরের প্রথম সাড়ে চার মাসে (১৫ অক্টোবর পর্যন্ত) ১৮ হাজার ৮৫৯ কোটি ৮৮ লাখ টাকিো ঋণ নেয়ছে সরকার। গত অর্থবছরে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ২০ হাজার ৪০০ কোটি টাকা ঋণ নিয়েছিলো। যা ওই অর্থবছরের মূল বাজেটের চেয়ে প্রায় পাঁচ হাজার কোটি টাকা ও সংশোধিত বাজেট লক্ষ্যমাত্রার চেয়ে দুই হাজার কোটি টাকা বেশি ছিল। বাজেট ঘাটতি নির্ধারিত লক্ষ্যমাত্রার মধ্যে থাকবে কি না- এ প্রশ্নের উত্তরে মুহিত বলেন, “বাজেট ঘাটতি ৫ শতাংশের মধ্যেই থাকবে।” বিরোধীদলীয় নেত্রী বলেছেন, এবার জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশ অর্জিত হবে না। অনেক অর্থনীতিবিদও এমন আশঙ্কা করছেন- এ বিষয়ে অর্থমন্ত্রীর মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, “গত অর্থবছরেও অনেকে বলেছিলো ৬ শতাংশের বেশি জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে না। কিন্তু অর্থবছর শেষে দেখা গেলো ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এবার আমরা ৭ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরেছি। আশার বিশ্বাস, এ লক্ষ্যমাত্রা অর্জিত হবে। “দায়িত্ব পালন করতে গিয়ে অনেক দেশ ও সংস্থার শীর্ষ পর্যায়ের লোকজনের সঙ্গে আমার কথা হয়েছে। বিশ্ব অর্থনীতির মন্দার মধ্যেও যে আমাদের অর্থনীতির ভিত মজবুত ছিলো- সেজন্য তারা আমাদের প্রশংসা করেছেন। সে কারণেই বলছি বিশ্বের লোকজনও বলছে, আমাদের অর্থনীতি ভালো আছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জিএনএ/২১২৫ ঘ.