২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালের গুদাম পূর্ণ, আমদানি শূন্যের কোঠায়

সরকারের পাশাপাশি অর্থনীতিবিদরাও বলছেন, বড় ধরনের কোনো দুর্যোগ না হলে আগামী এক বছর বিদেশ থেকে চাল কিনতে হবে না। জানাচ্ছেন আবদুর রহিম হারমাছি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2011, 06:54 AM

Updated : 24 Aug 2022, 05:18 PM

আবদুর রহিম হারমাছি প্রধান অর্থনৈতিক প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- সরকারি খাদ্য গুদামগুলো পূর্ণ হয়ে যাওয়ার পাশাপাশি চাল আমদানিও প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। সরকারের পাশাপাশি অর্থনীতিবিদরাও বলছেন, বড় ধরনের কোনো দুর্যোগ না হলে আগামী এক বছর বিদেশ থেকে চাল কিনতে হবে না। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দাবি অনুযায়ী, সরকারি গুদামগুলাতে বর্তমানে ১৫ লাখ টনের বেশি খাদ্য মজুদ আছে, যার একটি বড় অংশই চাল। বেসরকারি সংস্থা ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত কয়েক মৌসুমে ধানের বাম্পার ফলন হওয়ায় এই মজুদ গড়ে উঠেছে। যে চাল মজুদ আছে তাতে আগামী বছর আর আমদানির প্রয়োজন হবে না।” বাংলাদেশ ব্যাংকের আমদানি সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত নভেম্বর মাসের প্রথম ১৫ দিনে চাল আমদানির জন্য কোনো এলসি (ঋণপত্র) খোলা হয়নি। অক্টোবর মাসে ৯ হাজার টন চাল আমদানির জন্য ৩৩ লাখ ডলারের এলসি খোলা হয়েছে। গত বছরের অক্টোবরে এক লাখ ৫০ হাজার টন চাল আমদানির জন্য খোলা হয়েছিল ৭ কোটি ২১ লাখ ডলারের এলসি। চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে এক লাখ ৯৮ হাজার টন চাল আমদানির জন্য ৯ কোটি ডলারের এলসি খোলা হয়েছে। আর গত বছরের একই সময়ে ৫ লাখ ৩১ হাজার টন চাল আমদানির জন্য ২১ কোটি ৩৫ লাখ ডলারের এলসি খোলা হয়েছিল। পরিসংখ্যান বলছে, চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) খাদ্য (চাল ও গম) আমদানির জন্য এলসি খোলার পরিমাণ গত বছরের একই সময়ের চেয়ে ৭০ শতাংশ কমেছে। গত বছর একই সময়ে খাদ্য আমদানির জন্য এলসি খোলার পরিমাণ আগের বছরের তুলনায় প্রায় ১০০ শতাংশ বেড়েছিল। এই পরিস্থিতিতে ধানের দাম অনেক কমে গেছে বলেও জানালেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক মাহবুব। তিনি বলেন, “চলতি মৌসুমে আমনেরও বাম্পার ফলন হয়েছে। গত বছর এ সময়ে যে ধান ৮৫০ থেকে ৯০০ টাকায় বিক্রি হয়েছে, সেই ধান এখন ৬০০ থেকে ৬৫০ টাকায় নেমে এসেছে। আমরা ব্র্যাকের পক্ষ থেকে হিসাব করে দেখেছি, অনেক এলাকার কৃষকের ধানের উৎপাদন খরচই উঠে আসছে না।” ধানের দাম কমার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মাহবুব হোসেন বলেন, “বেশ কিছুদিন ধরে চালের বাজার ঊর্ধ্বমুখী। দাম আরও বাড়তে পারে- এ লোভে অনেক চাষী ও ব্যবসায়ী প্রচুর ধান ও চাল মজুদ করে রেখেছিলেন। কিন্তু আমনের বাম্পার ফলনের কারণে চালের দাম কমতে থাকায় তারা বাজারে চাল ছাড়তে শুরু করেন।” সরবরাহ বাড়ার কারণেই ধানের দাম পড়ে গেছে বলে এই অর্থনীতিবিদের ধারণা। সরকারকে সতর্ক করে তিনি বলেন, “একটি বিষয় বিবেচনায় রাখতে হবে- ধান ও চালের দাম এভাবে কমতে থাকলে আগামীতে কৃষক উৎসাহ হারিয়ে ফেলবে। সেক্ষেত্রে আপাতত মজুদ ভালো থাকলেও ভবিষ্যতে দেশের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে।” গত মাসের শেষে দক্ষিণ কোরিয়া সফরে যাওয়ার আগে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, সরকারি গুদামগুলাতে বর্তমানে ১৫ লাখ টনের বেশি খাদ্য মজুদ আছে। “সরকারিভাবে আমরা হিসাব করে দেখেছি, বড় কোনো দুর্যোগ না হলে আগামী এক বছর আর চাল আমদানি করতে হবে না”, বলেন মন্ত্রী। বেসরকারি পর্যায়ে চাল আমদানি হচ্ছে না কেন- এ প্রশ্নের জবাবে মাহবুব হোসেন বলেন, “আন্তর্জাতিক বাজারে চালের দাম আমাদের বাজারের চেয়ে বেশি। ভারতেও চালের দাম আমাদের চেয়ে বেশি। এখন বেশি দামে আমদানি করলে লোকসান দিতে হবে- এটা ভেবেই ব্যাবসায়ীরা চাল আনছেন না।” পুরান ঢাকার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ গোলাম মওয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন দেশেই প্রচুর চাল। আমদানি করলে কিনবে কে? সে কারণেই আমরা চাল আমদানি করছি না।” তবে গম আমদানি হচ্ছে বলে উল্লেখ করেন এই ব্যবসায়ী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১২৪০ ঘ.