ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর ব্যবস্থার আধুনিকায়নে আন্তর্জাতিক ফাইনান্স কর্পোরেশনের (আইএফসি) সঙ্গে সহযোগিতা চুক্তি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বুধবার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনবিআর চেয়ারমান নাসির উদ্দিন আহমেদ বলেন, “এনবিআরের জন্য চুক্তিটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এতে শীর্ষস্থানীয় সব উন্নয়ন সহযোগীর সমর্থন রয়েছে। আর আইএফসির মাধ্যমে তাদের এই সহায়তা পাওয়া যাবে।”
তিনি জানান, বিশ্ব ব্যাংক, আইএমএফ, ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কর ব্যবস্থার আধুনিকায়নে এনবিআরকে সহায়তা করবে।
নাসিরউদ্দিন জানান, এই চুক্তির চারটি অংশ- প্রত্যক্ষ কর ও ভ্যাট ব্যবস্থার সংস্কার, স্বচ্ছতা নিশ্চিত করা, দ্বন্দ্ব নিরসনের বিকল্প উপায় বের করা এবং সক্ষমতা অর্জন। এগুলো বাস্তবায়নে আইএফসি কারিগরি সহায়তা দেবে।
তিনি বলেন, “সময় পাল্টেছে। তাই রাজস্ব বিভাগের ভূমিকা শুধু কর আদায় এবং আইন নিয়ে থাকলে হবে না, স্থানীয় শিল্পগুলোর বিনিয়োগ বাড়ানো ও রক্ষায় কাজ করতে হবে।”
এনবিআর’র আধুনিকায়নের জন্য কী পরিমাণ অর্থ লাগবে জানতে চাইলে তিনি বলেন, “এখনও তা নির্ধারণ করা হয়নি। আগামী পাঁচ বছরের মধ্যে আধুনিকায়নের লক্ষ্যে এনবিআর ডিসেম্বরের মধ্যে কর্ম পরিকল্পনা ঘোষণা করবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এসইউ/পিডি/০০০৬ ঘ.
bdnews24