ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসার ক্ষেত্রে প্রণোদনা বা সহযোগিতা পাওয়ার জন্য কর দেওয়া জরুরি মন্তব্য করে এ বিষয়টি ব্যবসায়ীদের বোঝানোর জন্য সরকারি কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, “কোথা থেকে কীভাবে কর ফাঁকি দেওয়া যায়- তা না খুঁজে, ঠিক মতো কর দিলে আমরা আরো সুযোগ-সুবিধা দিতে পারবো।”
বাংলাদেশি পণ্যের নতুন বাজার সৃষ্টি এবং পণ্যের বহুমুখীকরণে মনোযোগী হতেও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।
বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রী ফারুক খান এবং বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম আবুল কাশেম।
প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নতির জন্য ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে হবে। আর ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটানোর জন্য সরকার উদারভাবে পদক্ষেপ নিচ্ছে।
“আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমরা কেন পারবো না- দেশকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতে ?”
প্রধানমন্ত্রী রপ্তানির ক্ষেত্রে পণ্যের মান রক্ষা করতে এবং ভারত, চীন ও মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবশাধিকার কাজে লাগানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।
এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪৫টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে জাতীয় রপ্তানি ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ বছর ১৬টি প্রতিষ্ঠানকে স্বর্ণ, ১৮ প্রতিষ্ঠান রৌপ্য ও ১১ প্রতিষ্ঠান ব্রোঞ্জ পদক দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৪৪০ ঘ.
bdnews24