ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাণিজ্য ক্ষেত্রে অবদানের জন্য মনোনীত ৪৫টি প্রতিষ্ঠানের কর্ণধারদের হাতে জাতীয় রপ্তানি ট্রফি তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ জন্য মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠান আয়োজন করা হেয়ছে বলে বাণিজ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে এ ট্রফি প্রদান অনুষ্ঠান আয়োজন করেছে।
এ বছর মনোনীতদের মধ্যে ১৬টি প্রতিষ্ঠান স্বর্ণ, ১৮ প্রতিষ্ঠান রৌপ্য ও ১১ প্রতিষ্ঠান ব্রোঞ্জ পদক পাচ্ছে।
সর্বোচ্চ রপ্তানি আয়ের জন্য এ বছর জাবের অ্যান্ড যোবায়ের ফেব্রিক্স লিমিটেডকে স্বর্ণ পদক দেওয়া হবে।
জাতীয় রপ্তানি ট্রফি নীতিমালা অনুযায়ী, ২৫টি পণ্য খাতের প্রতিটিতে তিনটি করে (স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ) জাতীয় রপ্তানি ট্রফি দেওয়া হয়।
যে সব পণ্য খাতে ট্রফি দেওয়া হয়, সেগুলো হলো- তৈরী পোশাক, নিটওয়্যার, সব ধরনের সুতা, টেক্সটাইল ফেব্রিক্স, হোম ও স্পেশালাইজড টেক্সটাইল, হিমায়িত খাদ্য, কাঁচা পাট, পাটজাত দ্রব্য, চামড়া, চামড়াজাত পণ্য, ফুটওয়্যার, চা, কৃষিজ পণ্য, এগ্রোপ্রসেসিং পণ্য, ফুল-ফলিয়েজ, হস্ত শিল্পজাত পণ্য, মেলামাইন/প্লাস্টিকজাত পণ্য, সিরামিক সামগ্রী, রাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্য, অন্যান্য শিল্পজাত পণ্য, ওষুধজাত পণ্য, অন্যান্য রাসায়নিক পণ্য, কম্পিউটার সফটওয়্যার ও বিবিধ পণ্য।
এ বছর ২৫টি পণ্য খাতের মধ্যে ২১টি পণ্য খাতে জাতীয় রপ্তানী ট্রফি দেওয়া হচ্ছে। ২১টি পণ্য খাতের মধ্যে ১৫টি পণ্য খাতে ১৫টি স্বর্ণ পদক দেওয়া হচ্ছে। এছাড়া ১৮টি পণ্য খাতে ১৮টি রৌপ্য এবং ১১টি পণ্য খাতে ১১টি ব্রোঞ্জ ট্রফি দেওয়া হবে।
২১টি পণ্য খাতের মধ্যেও কোনো প্রতিষ্ঠানই ৬টি পণ্য খাতে স্বর্ণ ট্রফি, ৩টি পণ্য খাতে রৌপ্য ট্রফি এবং ১০টি পণ্য খাতে ব্রোঞ্জ ট্রফি পাওয়ার প্রয়োজনীয় সূচক অর্জন না করায় এ বছর সে পুরস্কার দেওয়া হচ্ছে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এমআই/১৫২৩ ঘ.
bdnews24