ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংকগুলো থেকে কৃষি ঋণ বিতরণ কমেছে। চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) গত বছরের একই সময়ের চেয়ে ছয়শ’ কোটি টাকা কম ঋণ বিতরণ হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে ব্যাংকগুলো তিন হাজার ১০ কোটি ২৯ লাখ টাকার কৃষি ঋণ বিতরণ করেছে। গত বছরের একই সময়ে বিতরণের পরিমাণ ছিল তিন হাজার ৬০৮ কোটি ৩৯ লাখ টাকা।
গত অক্টোবর মাসে ৯৫৮ কোটি ৩৬ লাখ টাকা বিতরণ করা হয়েছে। গত বছরের অক্টোবরে বিতরণ করা হয়েছিল এক হাজার ৭৫ কোটি টাকা।
গত সেপ্টেম্বরে বিতরণ করা হয়েছে ৮৯৮ কোটি ৯৫ লাখ টাকা। গত বছরের সেপ্টেম্বরে বিতরণ করা হয়েছিল ৯৯০ কোটি ৩৮ লাখ টাকার কৃষি ঋণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসইউ/২১২৩ঘ.
bdnews24