ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধানের দাম কিছুটা কমে যাওয়া নিয়ে উদ্বেগের কিছু নেই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
শনিবার তিনি বলেন, ধান ও চালের দাম নিয়ে সরকার সজাগ রয়েছে।
“দক্ষিণাঞ্চলে সচারচর এই সময় ধান হতো না” উল্লেখ করে মন্ত্রী বলেন, “আমরা ৩৫ কোটি টাকা সাহায্য দিয়েছি। এজন্য সেখানে দুই লাখ টন চাল উৎপাদন হয়েছে।”
এছাড়া উত্তরবঙ্গে একই সময় বিনা-৭ ধান উঠেছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, “সব মিলিয়ে আড়তদারেরা বুঝে গেছেন চালের দাম আর বাড়বে না।”
“তাই তারা বাজারে ধান ছেড়ে দিয়েছে। এ কারণেই ধান ও চালের দাম কিছুটা কম।”- যোগ করেন মন্ত্রী।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ধান ও চালের দামের অস্থিরতা নিয়ে নীতি নির্ধারণী সংলাপ’ শিরোনামে এ অনুষ্ঠান হয়। এটি যৌথভাবে আয়োজন করে বেসরকারি সংস্থা ব্রাক, বাংলাদেশ রাইস ফাউন্ডেশন (বিআরএফ) ও ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট (আইএফপিআরআই)।
সংলাপে আরো বক্তব্য দেন কৃষিসচিব সি কিউ কে মোস্তাক আহমেদ, খাদ্যসচিব বরুণ দেব মিত্র এবং ব্রাকের নির্বাহী পরিচালক ও বিআরএফ’র চেয়ারম্যান মাহবুব হাসান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/০০০৫ ঘ.
bdnews24