ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে স্মারক মুদ্রা ছেড়েছে বাংলাদেশ ব্যাংক।
১০ টাকা অভিহিত মূল্যের এই মুদ্রাটির বাজারমূল্য হবে ৩৫০০ টাকা। রূপা দিয়ে নির্মিত মুদ্রাটির ওজন ২২ দশমিক ১০ গ্রাম।
রবীন্দ্রনাথ সম্পর্কে লেখা বিভিন্ন প্রবন্ধ নিয়ে ‘বাঙালির চিরসঙ্গী রবীন্দ্রনাথ’ নামে একটি স্মারকগ্রন্থও প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
শনিবার বিকালে মিরপুরের বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমীতে মুদ্রা ও বইটি উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মুদ্রার এক পিঠে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি এবং প্রতিকৃতির ওপরে ও নিচে বাংলা-ইংরেজি দুই ভাষায় ‘রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী-২০১১’ লেখা রয়েছে। এ ছাড়া বাম দিকে ইংরেজিতে মুদ্রিত রয়েছে ১০ ও দশ টাকা।
মুদ্রার অন্য পিঠে ‘হে নতুন দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ’- এ পংক্তিটি, রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাক্ষর, বাংলায় ও ইংরেজিতে ‘বাংলাদেশ ব্যাংক’ কথাটিও রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়সহ ব্যাংকের সব শাখা কার্যালয় এবং বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে নগদ সাড়ে তিন হাজার টাকায় একটি কাঠের বাক্সে মুদ্রাটি যে কেউ নিতে পারবেন।
অনুষ্ঠানে রবীন্দ্রনাথের সঞ্চয়িতা কাব্যগ্রন্থ থেকে কয়েকটি কবিতা উদ্ধৃত করে অর্থমন্ত্রী বলেন, “রবীন্দ্রনাথ তার সর্বত্রগামী প্রতিভায় সাহিত্য, অর্থনীতি প্রতিটি ক্ষেত্রেই অবদান রেখেছেন। নতুন প্রজন্মের প্রতি আমার পরামর্শ, আপনারা রবীন্দ্রনাথ পড়–ন। তার কাছ থেকে জীবনের জন্যে অনেক কিছু শেখার ও নেওয়ার আছে।”
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, “মহাজনী ঋণের ফাঁদ থেকে সর্বশান্তদের রক্ষায় রবীন্দ্রনাথ ১৮৯৪ সালে শিলাইদহে প্রথম কৃষি ব্যাংক স্থাপন করেন। পরবর্তীতে পতিসরে ১৯০৪ সালে কৃষি সমবায় ব্যাংক ও শ্রীনিকেতনে ১৯২৭ সলে বিশ্বভারতী সমবায় কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা করেন।”
সাহিত্য-সংস্কৃতির পাশাপাশি অর্থনীতি ও মানুষ নিয়ে রবীন্দ্রনাথের চিন্তার প্রতি শ্রদ্ধা জানাতে স্মারক মুদ্রা ও বই প্রকাশ বলে মন্তব্য করেন গভর্নর।
গর্ভনর জানান, ডিসেম্বরে বিজয়ের ৪০ বছর উপলক্ষে প্রথমবারের মতো ৪০ টাকা রূল্যের একটি স্মারক মুদ্রা ছাড়া হবে। এটি হবে বাংলাদেশে প্রথমবারের মতো এই মূল্যমানের মুদ্রা।
এছাড়া কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার ৯০তম বছর উপলক্ষে আরেকটি মুদ্রা ছাড়া হবে বলে জানান তিনি।
রবীন্দ্রনাথের অর্থনীতি ও সমাজ ভাবনা নিয়ে অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সনৎ কুমার সাহা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/২২০০ ঘ.
bdnews24