ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত ৪৬ ধরনের তৈরি পোশাকের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার দেওয়ার পর দেশটিতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি উল্লেখযোগ্য হারে বেড়েছে।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, “বাংলাদেশি রপ্তানিকারকরা শুধু অক্টোবরেই ৯ কোটি ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে।”
সরকারি তথ্য অনুযায়ী, গত অর্থবছরে ভারতে মোট ৩৫ কোটি ৯০ লাখ ডলারের তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ।
আগে ভারতের বাজারে বছরে মোট এক কোটি পিস বাংলাদেশি তৈরি পোশাকের প্রবেশাধিকার ছিলো। গত সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় ৪৬ ধরনের তৈরি পোশাকের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার ঘোষণা করা হয়। এরপর গত সপ্তাহে বাংলাদেশের চাহিদা থেকে শুধু ২৫টি তামাক ও মদ জাতীয় পণ্য বাদে প্রায় সব পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার দেয় ভারত।
ভারতের বাজারে বাংলাদেশি তৈরি পোশাকের রপ্তানি বৃদ্ধি ‘অবশ্যম্ভাবী’ বলে মন্তব্য করেছেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের প্রতিষ্ঠান বিজিএমইএর সাবেক সভাপতি সালাম মুর্শেদি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রতিযোগিতামূলক মূল্যে কম সময়ের মধ্যে আমরা অন্যদের চেয়ে ভালো পণ্য দিতে পারি। তিন থেকে পাঁচ বছরের মধ্যে এ রপ্তানি দুইশ’ কোটি ডলারে পৌঁছাবে।”
মুর্শেদি বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের ক্রেতারা বাংলাদেশি পণ্যের প্রস্তুতি ও ধরণ সম্পর্কে জানে এবং ভারতের বাজারেও নিজেদের সক্ষমতা তুলে ধরা উচিত বাংলাদেশি ব্যবসায়ীদের।
পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ’র সাবেক সভাপতি মনে করেন, ভারতীয় ক্রেতারা যেন বাংলাদেশি পণ্য সম্পর্কে ধারণা লাভ করতে পারে সেজন্য সরকারের সঙ্গে যৌথভাবে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ’র উচিত মুম্বাই, দিল্লি ও ভারতের অন্যান্য শহরে একক বাণিজ্য মেলার আয়োজন করা।
তিনি বলেন, একইভাবে আমাদের পণ্যের মান দেখার জন্য ভারতীয় ক্রেতাদের বাংলাদেশে আমন্ত্রণ জানানো যায়।
“ভারতে রপ্তানির জন্য আমাদের উৎপাদন ক্ষমতা বাড়ানোর দরকার নেই”, যোগ করেন তিনি।
মুর্শেদি জানান, তার কোম্পানি তিন লাখ পিস তৈরি পোশাক ৩০ লাখ ডলারে রপ্তানি করেছে এবং তারা অন্যান্য আইটেম সম্পর্কে খোঁজ-খবর নিয়েছেন।
ভারতের সঙ্গে বাংলাদেশের বিপুল বাণিজ্য ঘাটতি রয়েছে। গত অর্থবছরে ভারত বাংলাদেশে সাড়ে চারশ কোটি ডলারের পণ্য রপ্তানি করে। অন্যদিকে একই সময়ে দেশটি বাংলাদেশ থেকে আমদানি করে মাত্র ৫১ কোটি ২০ লাখ ডলারের পণ্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/০০৩৩ ঘ.
bdnews24