ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশি সাহায্য নিয়ে দেশের যে সব বেসরকারি সংস্থা (এনজিও) চলছে, তাদের কার্যক্রমে স্বচ্ছতা আনতে নতুন আইন প্রণয়ন হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশে কর্মরত আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলোর (আইএনজিও) সংগঠন ‘আইএনজিও ফোরাম’র ৪০ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।
গওহর রিজভী বলেন, “বেশিরভাগ এনজিও অত্যন্ত সুন্দরভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে, তবে দুএকটি এনজিও রয়েছে, যারা ভালো কাজ না করে পুরো এনজিও সেক্টরেরই বদনাম করছে। তাদের অশুভ কর্মতৎপরতা নিয়ন্ত্রণ করতেই নতুন এ আইন করা হচ্ছে।”
নতুন আইন প্রণয়নের আগে এনজিও প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান তিনি।
দেশের বিভিন্ন ক্ষেত্রে এনজিও কার্যক্রমের প্রশংসা করে রিজভী বলেন, সরকার উন্নয়ন কার্যক্রমে এনজিওদের পাশে চায়। এনজিও এবং সরকার একসঙ্গে কাজ করবে।
বিদেশি অর্থ খরচে সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, “কাজ করার সময়ে সে সব কাজের বিধিসিদ্ধতা রয়েছে কি না, খেয়াল রাখতে হবে। এনজিওগুলো যে সব মানুষের জন্য কাজ করছে, তাতে সে সব মানুষের সমর্থন আছে কি না, নজর দিতে হবে।”
অনুষ্ঠানে এনজিও ব্যুরোর পরিচালক মো. নুরুন্নবী তালুকদার বলেন, এনজিওগুলোর কল্যাণে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে শিশুদের শিক্ষা, বিশুদ্ধ পানি, উন্নত স্বাস্থ্যসেবাসহ অনেক উন্নতি সাধিত হয়েছে। ‘ভিশন-২০২১’ লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে সরকারের পাশাপাশি এনজিওগুলোকেও এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে স্বাধীনতার ৪০ বছরে বাংলাদেশের উন্নয়নে বেসরকারি সংস্থাগুলোর অংশগ্রহণের বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. বিনায়ক সেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাকশন এইড বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ফারাহ কবির, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর ওভারসিজ ডিরেক্টর পল ও ব্রায়ান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, অক্সফাম এর কান্ট্রি ডিরেক্টর গ্যারেথ প্রাইস জোন্স প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/১৬৪০ ঘ.
bdnews24