রিয়াজুল বাশার ও ফারহান ফেরদৌস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে বাণিজ্যিক ব্যাংক, মার্চেন্ট ব্যাংক ও বিদেশি বিনিয়োগ আরো বাড়ানোর সুযোগ করে করে দিয়ে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রধানমন্ত্রীর নির্দেশনার পর এক সপ্তাহ ধরে সরকারের বিভিন্ন সংস্থা ও পুঁজিবাজার সংশ্লিষ্টদের সঙ্গে কয়েক দফা বৈঠকের পর বুধবার বিকেলে এ প্যাকেজ ঘোষণা করেন এসইসি চেয়ারম্যান এম খায়রুল হোসেন।
প্যাকেজে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী তিন ধরণের পদক্ষেপ আগামী ছয় মাসের মধ্যে বাস্তবায়নের অঙ্গীকার করে এসইসি চেয়ারম্যান বলেন, “স্বল্পমেয়াদী পদক্ষেপ এখনই বাস্তবায়ন করা হবে।”
স্বল্প মেয়াদী পদক্ষেপ হিসেবে বলা হয়েছে, “শেয়ার ব্যবসায় নিয়োজিত ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানির অনুকূলে ব্যাংক প্রদত্ত মূলধন ঐ ব্যাংক এর এক্সপোজার টু ক্যাপিটাল হিসাবে গণ্য হবে না। কোনো কোম্পানির শেয়ারে ব্যাংকের দীর্ঘমেয়াদী ইক্যুইটি ইনভেস্টমেন্ট ঐ ব্যাংকের ক্যাপিটাল মার্কেট এক্সপোজার হিসাবেও গণ্য হবে না।”
এর ফলে পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ আরো বাড়ানোর সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
এ প্যাকেজকে স্বাগত জানিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি শাকিল রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “এ দুটি পদক্ষেপের নেওয়ার কারণে কমপক্ষে আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগযোগ্য হবে।”
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসেসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসইসি একটি ইতিবাচক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। এর ফলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করি।”
স্বল্প মেয়াদী পদক্ষেপের মধ্যে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্ষেত্রে বিদেশি ব্রোকারেজ ফার্মকে প্রদেয় কমিশন প্রয়োজনীয় কাগজপত্র দাখিল সাপেক্ষে দ্রুত পাঠানোর অনুমতি দেওয়ার ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। বিদেশি প্রাতিষ্ঠানিক এবং অ-নিবাসী বাংলাদেশীদের পুঁজিবাজারে বিনিয়োগ থেকে অর্জিত লাভের ওপর আরোপিত ১০ শতাংশ ক্যাপিটাল গেইন কর প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর ফলে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে এবং বিদেশি তহবিল বাড়বে বলে আশা প্রকাশ করেন এসইসি চেয়ারম্যান।
ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি শাকিল রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “আগে ব্রোকারেজ ফার্মের মুনাফা সহজে বাইরে পাঠানো যেত না। যার ফলে বাইরের ব্রোকারেজ হাউজগুলো এখানে বিনিয়োগে আসতো না। এখন এ পদক্ষেপের ফলে প্রচুর বিদেশি বিনিয়োগ আসবে।”
‘এটা একটা যুগান্তকারী পদক্ষেপ’ বলে মন্তব্য করেন তিনি।
স্বল্প মেয়াদী পদক্ষেপ হিসেবে আরো বলা হয়েছে, “এতোদিন পর্যন্ত পুঁজিবাজারে মার্চেন্ট ব্যাংক ও সাবসিডিয়ারি সমূহের তহবিলের ৯৯ থেকে ১০০ শতাংশ পর্যন্ত সরবরাহ করতো মূল কোম্পানিগুলো (ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান)। এখন থেকে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সর্বনিু ৫১ শতাংশ মূল কোম্পানি থেকে এবং অবশিষ্ট অন্য যে কোনো তহবিল থেকে নিয়ে মার্চেন্ট ব্যাংক ও সাবসিডিয়ারিগুলো পুঁজি সংগ্রহ করতে পারবে।
হাফিজ বলেন, “এর ফলে মার্চেন্ট ব্যাংকগুলোর পুঁজি সংগ্রহের সুত্র বাড়বে এবং মূল কোম্পানিগুলোর ওপর চাপ কমবে।”
স্বল্প মেয়াদী পদক্ষেপের মধ্যে আরো রয়েছে, পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ উদ্ভুত কোনো ক্ষতির জন্যে প্রভিশন সংরক্ষণের ক্ষেত্রে মুনাফা/লোকসান নেট অফ করে প্রভিশন সংরক্ষণ করা যাবে। আগে শুধু নেট লসকে বিবেচনায় নেয়া হতো।
পুঁজিবাজারে ব্যাংক ও আথিক প্রতিষ্ঠানের সাবসিডিয়ারি কোম্পানির অনুকুলে প্রদত্ত একক গ্রাহক ঋণ সমন্বয়সীমা আরো এক বছর বাড়িয়ে ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, অর্থমন্ত্রীর পরামর্শে বাণিজ্যিক ব্যাংকগুলো আরো বেশি হারে বিনিয়োগ করতে রাজি হয়েছে। বীমা তহবিলের বিনিয়োগযোগ্য অর্থ অনতিবিলম্বে পুঁজি বাজারে বিনিয়োগের জন্য বীমা প্রতিষ্ঠানগুলো রাজি হয়েছে। কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে ধারনকৃত শেয়ারের সীমা ৩০ শতাংশ পর্যন্ত বাধ্যতামূলক করা হয়েছে।
ক্ষতি মেটাতে কমিটি
ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও স্বল্প পুঁজির বিনিয়োগকারীদের ক্ষতি মেটানোর উপায় বের করতে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যাবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামানকে প্রধান করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে এসইসি।
সংবাদ সম্মেলনে এসইসি চেয়ারম্যান খায়রুল হোসেন বলেন, “স্বল্প পুঁজি ও মার্জিন ঋণ নিয়ে যেসব ক্ষুদ্র বিনিয়োগকারী পুঁজিবাজারে বিনিয়োগের কারনে প্রকৃতই ক্ষতিগ্রস্থ হয়েছেন, তাদের স্বার্থ রক্ষার জন্যে একটি বিশেষ স্কিম প্রণয়ন করা হচ্ছে। এ লক্ষ্যে আইসিবি ব্যবস্থাপনা পরিচালককে আহ্বায়ক করে ৬ সদস্য বিশিষ্ঠ একটি কমিটি গঠন করা হবে।”
বিনিয়োগকারীদের ক্ষতি কিভাবে ও কোন প্রক্রিয়ায় পোষানো যায়, সে বিষয়ে দুই মাসের মধ্যে সুপারিশ দেবে এই কমিটি।
মধ্যমেয়াদী পদক্ষেপ
পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে তিন মাসের মধ্যে বাস্তবায়নযোগ্য মধ্যমেয়াদী পদক্ষেপ ঘোষনা করেছে এসইসি।
এসব পদক্ষেপের মধ্যে রয়েছে- বিনিয়োগ উপদেশ সেবা উন্মুক্ত করা। এতে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক নির্বিশেষে ব্রোকারেজ হাউজগুলো পেশাদার, দক্ষ ও অভিজ্ঞ বিনিয়োগ ব্যবস্থাপক নিয়োগ দিতে বাধ্য হবে।
বিনিয়োগকারী, বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকদের জন্য তথ্যের অধিকার নিশ্চিত করতে ইক্যুইটি রিসার্স পাবলিকেশনস উন্মুক্ত করা হবে। তালিকাভূক্ত কোম্পানিগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে কর্পোরেট গভার্নেন্স নীতিমালা তৈরি করা হবে।
এছাড়া মার্চেন্ট ব্যাংক ও সাবসিডিয়ারি সমূহের নিজস্ব মূলধন বাড়ানোর জন্য এসইসি দ্রুত উপায় উদ্ভাবনের পদক্ষেপ নেবে।
দীর্ঘমেয়াদী পদক্ষেপ
পুঁজিবাজারের স্থিতিশীলতার স্বার্থে আগামী ছয় মাসের মধ্যে ছয়টি পদক্ষেপ বাস্তবায়নের ঘোষণা দিয়েছে এসইসি।
এসব পদক্ষেপের মধ্যে রয়েছে- ফাইনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট প্রণয়ন করা, ইনসাইডার ট্রেডিং আইনকে আরো গভীর ও কঠিন করা, স্মল ইনভেস্টর প্রোটেকশন অ্যাক্টকে যুগোপযোগী করা, স্টক এক্সচেঞ্জগুলোর কর্পোরেট গর্ভন্যান্স নিশ্চিত করা ও দ্রুত ডিমিউচুয়ালাইজেশন করা, মিউচুয়াল ফান্ড খাতকে আরো শক্তিশালী করা এবং এসইসির সার্ভিল্যান্স সিস্টেমের মাধ্যমে তদারকি কার্যক্রম জোরদার করা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/এসআইটি/এসইউ/২১০২ ঘ.
bdnews24