ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের একক গ্রাহক ঋণসীমা সমন্বয়ের সময় ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে।
পুঁজিবাজার স্থিতিশীল করার লক্ষ্যে সম্মিলিত প্যাকেজে বুধবার এ ঘোষণা দিয়েছেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনার পর এক সপ্তাহ ধরে সরকারের বিভিন্ন সংস্থা ও বাজার সংশ্লিষ্টদের সঙ্গে কয়েক দফা বৈঠকের পর বুধবার বিকেলে প্যাকেজ ঘোষণা করেন এসইসি চেয়ারম্যান।
২০১১ সালের ডিসেম্বরের মধ্যে একক গ্রাহক ঋণ সমন্বয় করতে কেন্দ্রীয় ব্যাংক অগাস্ট মাসে একটি নির্দেশনা জারি করে।
তবে পুঁজিবাজারের অব্যাহত দরপতনের মুখে গত ১৯ সেপ্টেম্বর এ সময় এক বছর বাড়িয়ে ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়।
বিভিন্ন ব্যাংক মার্চেন্ট ব্যাংকিং ও ব্রোকারেজ কার্যক্রম পরিচালনার জন্য নিজস্ব তহবিল থেকে বিভিন্ন সাবসিডিয়ারি প্রতিষ্ঠান চালু করেছে।
এসব প্রতিষ্ঠান পৃথক কার্যক্রম শুরু করায় ব্যাংকে সরবরাহ করা তহবিল এখন ঋণে পরিণত হয়েছে জানিয়ে কেন্দ্রীয় ব্যাংক বলছে, এই ঋণের পরিমাণ অধিকাংশ ক্ষেত্রে ‘সিঙ্গেল বরোয়ার এক্সপোজার লিমিট’ অতিক্রম করে গেছে।
অর্থাৎ একটি ব্যাংক এক জন গ্রাহককে সর্বোচ্চ যে অঙ্কের অর্থ ঋণ দিতে পারে, মার্চেন্ট ব্যাংকের ক্ষেত্রে ঋণ দেওয়া হয়েছে তার চেয়ে বেশি।
বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, ব্যাংক তার মূলধনের সর্বোচ্চ ১৫ শতাংশ অর্থ নিজস্ব মার্চেন্ট ব্যাংককে ঋণ হিসেবে দিতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/২১২১ঘ.
bdnews24